অনলাইন ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হচ্ছে। একই সময়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন। আগে আবেদন করা শিক্ষার্থীরাও পছন্দক্রম পরিবর্তন বা আবেদন পরিমার্জনের সুযোগ পাবেন। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়।
আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের সংশোধিত ফল ভর্তি আবেদনের পোর্টালে যুক্ত করা হয়েছে। আগে আবেদন না করা শিক্ষার্থীরা নতুন করে আবেদন এবং ইতিমধ্যে আবেদনকারীরা আবেদন সংশোধন করতে পারবেন। গত ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীদেরও আজ রাত ৮টা পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে; কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আবেদনের ফি ২২০ টাকা। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।
ভর্তি ও নিশ্চায়নের সময়সূচি
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিতদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর, আর ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।
নীতিমালা অনুযায়ী, ফল প্রকাশের বছর এবং তার আগের দুই বছরের উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এবার বিভাগ পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—যেকোনো বিভাগে আবেদন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগের পাশাপাশি পরস্পরের বিভাগেও আবেদন করতে পারবেন।
প্রতিটি কলেজের ৯৩ শতাংশ আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থায় কর্মরতদের সন্তানদের জন্য মোট ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

