অনলাইন ডেস্ক ॥ মার্কেন্টাইল ব্যাংক পিএলসিতে আর্থিক অনিয়ম, হিসাব কারসাজি ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) তাপস চন্দ্র পালের বিরুদ্ধে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করে বাংলাদেশ ব্যাংকে লিখিত আবেদন করা হয়েছে। অভিযোগে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসান, কয়েকজন পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততার দাবিও করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়া অভিযোগসংক্রান্ত নথিতে বলা হয়েছে, ব্যাংকের সাসপেন্স ও বিভিন্ন ব্যয় হিসাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে অর্থ সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক।
যেসব খাতে অনিয়মের অভিযোগ
অভিযোগ ও সংশ্লিষ্ট নথি অনুযায়ী, মার্কেন্টাইল ব্যাংকের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর), ল্যাপটপ ও সফটওয়্যার কেনাকাটা, আসবাবপত্র সংগ্রহ এবং বিদেশে চিকিৎসা ব্যয়সহ বিভিন্ন খাতে অনিয়মের অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, ব্যাংকের ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন (এফডিএ) এবং সিএফও কার্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে দীর্ঘদিন থাকার কারণে তাপস চন্দ্র পাল ব্যাংকের আর্থিক হিসাব ও ব্যয়ের ওপর ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। সেই সুযোগ ব্যবহার করে হিসাব ব্যবস্থাপনায় অনিয়ম করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগের সত্যতা এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। বাংলাদেশ ব্যাংকের তদন্তে অভিযোগগুলোর প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ব্যক্তিগত চিকিৎসা ব্যয় ব্যাংকের হিসাবে?
তাপস চন্দ্র পালের স্ত্রীর সিঙ্গাপুরে চিকিৎসা এবং সংশ্লিষ্ট ব্যয় নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, চিকিৎসার কিছু খরচ ব্যাংকের সাসপেন্স হিসাব থেকে পরিশোধ করা হয়েছে। এমনকি মৃত্যুর পর মরদেহ দেশে আনার ব্যয়ও ব্যাংকের অর্থে বহন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া চিকিৎসার সময় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা সিঙ্গাপুরে গেলে তাঁদের থাকা-খাওয়ার ব্যয়ও ব্যাংক থেকে পরিশোধ করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে এসব অর্থ কোন খাত থেকে, কী অনুমোদনে এবং কী প্রক্রিয়ায় ব্যয় করা হয়েছে—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেনাকাটা ও সিএসআর ব্যয় নিয়েও প্রশ্ন
ব্যাংকের ল্যাপটপ, সফটওয়্যার ও আসবাবপত্র কেনাকাটায় দরপত্র, অনুমোদন, প্রকৃত মূল্য এবং ব্যয়ের যৌক্তিকতা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
একইভাবে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির অর্থ ব্যবস্থাপনা নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অর্থ কর্মীদের দীর্ঘমেয়াদি পাওনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি গুরুতর আর্থিক অনিয়ম হিসেবে বিবেচিত হতে পারে।
দ্রুত পদোন্নতি নিয়েও আলোচনা
তাপস চন্দ্র পাল রূপালী ব্যাংকে কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে মার্কেন্টাইল ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে যোগ দেন। এরপর ধারাবাহিকভাবে পদোন্নতি পেয়ে ২০১৮ সালে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), ২০২১ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি), ২০২২ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), ২০২৪ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং সর্বশেষ ২০২৬ সালে ডিএমডি পদে উন্নীত হন।
তার দ্রুত পদোন্নতির পেছনে কয়েকজন পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও তাঁদের বিভিন্ন সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে। তবে এ অভিযোগের পক্ষেও স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অভিযোগে আরও বলা হয়েছে, সিএ, এসিসিএ বা এফসিএর মতো পেশাগত সনদ না থাকলেও তিনি ব্যাংকের গুরুত্বপূর্ণ আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন এফডিএ ও সিএফও কার্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ কাজে লাগিয়ে আর্থিক বিবরণীতে কারসাজি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
‘এক পয়সাও নেওয়ার সুযোগ নেই’
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাপস চন্দ্র পাল অভিযোগগুলো অস্বীকার করেন।
তিনি বলেন, ‘এটা নিয়ে আমার বলার কিছু নেই। জ্ঞানত এ ধরনের কোনো প্রশ্ন এখন পর্যন্ত আমার কাছে আসেনি।’
ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট অনুমোদন ও প্রক্রিয়া ছাড়া অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই।
তাঁর ভাষ্য, ‘উইদাউট অ্যানি ডকুমেন্টস, উইদাউট অ্যানি প্রোপার অ্যাপ্রুভাল এক পয়সাও এদিক থেকে ওদিকে যাওয়ার কোনো ক্ষমতা নেই।’
পদোন্নতি ও যোগ্যতার বিষয়ে তাপস চন্দ্র পাল বলেন, সিএফও হিসেবে দায়িত্ব পালনের প্রয়োজনীয় যোগ্যতা তাঁর রয়েছে। বাংলাদেশ ব্যাংকের কাছে তাঁর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন রয়েছে কি না, তা তাঁর জানা নেই।
তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা কেন্দ্রীয় ব্যাংকের
মার্কেন্টাইল ব্যাংকের সিএফওর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অভিযোগের বিষয়ে ব্যাংক ও সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুধু অর্থ আত্মসাতের অভিযোগ নয়, মার্কেন্টাইল ব্যাংকের আর্থিক সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে এসব অনিয়ম হয়ে থাকলে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা কতটা কার্যকর ছিল, সেটিও তদন্তের আওতায় আসতে পারে।
এ ছাড়া ব্যাংকের পরিদর্শন ও তদারকির সঙ্গে সংশ্লিষ্টদের কেউ অনিয়মের বিষয়ে জানার পরও ব্যবস্থা নেননি কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা জোরদারের বিষয়টিও সামনে আসবে।

