অনলাইন ডেস্ক: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দেশের পাঁচ জেলায় দলটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বরিশাল, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে এসব ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
পটুয়াখালীর গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আলোচনা সভা শেষে র্যালি বটতলা মোড়ে পৌঁছালে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দলের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুনের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় ২০ মিনিটের সংঘর্ষে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশের পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হন। কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাহ উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচ পথচারীসহ অন্তত ১৫ জন আহত হন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বরিশাল নগরীতেও র্যালিতে সামনে যাওয়া ও স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে একাধিকবার হাতাহাতি হয়। পরে জ্যেষ্ঠ নেতা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র্যালিতেও নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মিশনপাড়া থেকে বের হওয়া মিছিলটি চাষাঢ়া সমবায় মার্কেট এলাকায় পৌঁছালে হাতাহাতি শুরু হয়। পরে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান পরিস্থিতি শান্ত করেন।
পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সীতাকুণ্ডে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

