অনলাইন ডেস্ক: রাজবাড়ীর পাংশা উপজেলার প্রত্যন্ত কলিমহর ইউনিয়নে মা ও শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় এক দশক আগে নির্মাণ করা হয়েছিল ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ২০১৭ সালের ২০ নভেম্বর উদ্বোধনের পরও প্রয়োজনীয় জনবল না থাকায় কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।
তিনতলা ভবন, অপারেশন থিয়েটার, আলট্রাসনোগ্রাম কক্ষ, চিকিৎসকদের কক্ষ এবং ছয়টি আবাসিক কোয়ার্টারসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তবে দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনের বিভিন্ন স্থানে নষ্ট হওয়ার চিহ্ন দেখা দিয়েছে এবং হাসপাতালের যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে।
কেন্দ্রটিতে গর্ভবতী মায়েদের সেবা, স্বাভাবিক ও জটিল প্রসব, সিজারিয়ান অপারেশন, প্রসব-পরবর্তী সেবা, এমআর সেবা, গর্ভপাতজনিত চিকিৎসা, নবজাতকের সেবা এবং জরায়ুমুখ ও স্তন ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণসহ পরিবার পরিকল্পনার বিভিন্ন সেবা দেওয়ার কথা ছিল। কিন্তু এসব সেবার কোনোটি নিয়মিত পাওয়া যাচ্ছে না।
২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করতে দুইজন মেডিকেল অফিসার, চারজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন ফার্মাসিস্ট, একজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন অফিস সহকারী, নিরাপত্তা প্রহরী, ওয়ার্ডবয় ও আয়ার পদ নির্ধারিত ছিল। কিন্তু উদ্বোধনের প্রায় ১০ বছর পরও প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়নি। বর্তমানে সপ্তাহে একদিন অতিরিক্ত দায়িত্বে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা সেখানে দায়িত্ব পালন করেন।
অতিরিক্ত দায়িত্বে থাকা পরিবার কল্যাণ পরিদর্শিকা জাকিয়া সুলতানা বলেন, ২৪ ঘণ্টা সেবা দেওয়ার কথা থাকলেও তিনি সপ্তাহে একদিন দায়িত্ব পালন করেন। এ কারণে মানুষ সেবা নিতে আসে না। প্রয়োজনীয় লোকবল নিয়োগ হলে সেবাগ্রহীতা বাড়বে বলে তিনি মনে করেন।
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মো. আবুজার জানান, তাঁর মূল কর্মস্থল মাছপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। সেখান থেকে সপ্তাহে একদিন তিনি কলিমহর কেন্দ্রে সেবা দিতে আসেন। স্থায়ী লোকবল না থাকায় মানুষ সেবা নিতে আগ্রহী নয় বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, পাংশা ও কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুটিই কেন্দ্রটি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। রাতে প্রসবব্যথা উঠলে মায়েদের দূরে নিয়ে যেতে হয়। দ্রুত চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আবু নছর মোহাম্মদ কদর উদ্দীন বলেন, কেন্দ্রটির ক্যাচমেন্ট এরিয়া ভালো হওয়ায় পাংশা ও খোকসা উপজেলার মানুষ সেবা পেতে পারেন। জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

