অনলাইন ডেস্ক: রূপালি পর্দার প্রিয় তারকাকে কাছে পেয়ে ফ্রেমবন্দি হওয়ার আকুলতা ভক্তদের কাছে চিরন্তন। কিন্তু সেই চেষ্টা করতে গিয়েই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের এক ভক্ত। আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গেলে তাকে ধাক্কা দেন অভিনেত্রীর দেহরক্ষী। এ ঘটনার সময় সেই ভক্তের দিকে ফিরেও তাকাননি আলিয়া।
সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার মুম্বাইয়ে আলিয়ার প্রযোজনা সংস্থার নতুন চলচ্চিত্র ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। অনুষ্ঠান শেষে ভেন্যু ছাড়ার সময় আলিয়াকে দেখতে ও ছবি তুলতে ভক্তরা তাকে ঘিরে ধরেন।
আলিয়া তখন ভক্তদের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন। এ সময় ভিড় ঠেলে এক যুবক তার কাছে গিয়ে সেলফি তোলার চেষ্টা করলে দেহরক্ষী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পরে ওই ভক্ত আবারও ছবি তোলার চেষ্টা করেন, কিন্তু দ্বিতীয়বারও তাকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনার সময় আলিয়া অন্য ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন। তার পাশে ঘটে যাওয়া বিষয়টি তিনি খেয়াল করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও জানাননি অভিনেত্রী।
আলিয়ার নতুন সিনেমা
আলিয়া ভাট তার বোনের সঙ্গে যৌথভাবে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন। সেই প্রতিষ্ঠান থেকে নির্মিত ‘ডোন্ট বি শাই’ আগামী ২৫ সেপ্টেম্বর আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুর ও ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করবেন আলিয়া। সিনেমাটি ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

