অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর ক্লাব কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। পরে তাকে ডেকে পাঠায় ইউনাইটেড কর্তৃপক্ষ। সেখান থেকে ফিরে সামাজিক মাধ্যমে ক্ষমা চাইলেও শাস্তি এড়াতে পারেননি ২৮ বছর বয়সী এই তারকা।
অ্যাতলেটিকোর মাঠে ম্যাচের শুরুতেই পাবলো ব্যারিওসের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৭৪তম মিনিটের পর লেনি ইউরো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইংলিশ ক্লাবটি। আদেমোলা লুকমান পরে গোল করে অ্যাতলেটিকোর জয় ২-০ ব্যবধানে নিশ্চিত করেন।
ম্যাচ শেষে ইউনাইটেডের মালিকপক্ষ ও ফুটবল পরিচালকের সমালোচনা করেন মার্টিনেজ। তিনি আরও খেলোয়াড়ের প্রয়োজনীয়তার কথা বলেন এবং ইউরোপে শিরোপার লড়াইয়ে থাকতে দলকে শক্তিশালী করার প্রত্যাশা জানান।
প্রকাশ্যে ক্লাব কর্তৃপক্ষের সমালোচনার পর বৃহস্পতিবার মার্টিনেজকে ডেকে পাঠানো হয়। আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি ক্লাবের কর্তা ও প্রধান কোচের কাছে ক্ষমা চান। হারের পর হতাশা থেকেই তিনি আবেগের বশে নিজের ভাবনা প্রকাশ করেছিলেন বলেও জানান।
ইউনাইটেডের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্টিনেজকে জরিমানা করা হয়েছে।
এদিকে, মাইকেল ক্যারিকের অধীনে গত মৌসুমের শেষভাগে ঘুরে দাঁড়ালেও এবার খারাপ সময় পার করছে ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচের হারসহ সব প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচে জয়হীন তারা। চলতি মৌসুমে ৯ ম্যাচে দলটি জিতেছে মাত্র দুটিতে। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ—দুই প্রতিযোগিতাতেই তাদের অবস্থান ১৩তম।

