অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি কিংবা সরবরাহে বিঘ্ন ঘটলে তার প্রভাব শুধু বিদ্যুৎ উৎপাদন বা শিল্পকারখানার ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বেড়ে যায় আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, মূল্যস্ফীতি ও সরকারি ভর্তুকির প্রয়োজন। বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতিতে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা তাই বড় সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি।
সরবরাহের উৎস বহুমুখী করা, বিকল্প জ্বালানিতে বিনিয়োগ এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এ ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে ইউরোপের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা কমাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নরওয়ে ও যুক্তরাষ্ট্রের মতো বিকল্প সরবরাহকারীর দিকে গুরুত্ব দেয়। পাশাপাশি জ্বালানি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতায় বিনিয়োগ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘সিকিউরিটি টু প্রসপারিটি : দ্য ম্যাক্রোইকোনমিক কেস ফর কমোডিটি সিকিউরিটি’ শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে। এতে পণ্য সরবরাহের নিরাপত্তা, বৈশ্বিক সরবরাহব্যবস্থার দুর্বলতা, বিনিয়োগ, প্রতিযোগিতা সক্ষমতা ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা হয়।
জ্বালানি নিরাপত্তায় ইউরোপের অভিজ্ঞতা
ইউরোপীয় কমিশনার ভালদিস দোমব্রোভস্কিসের মতে, রাশিয়ার সরবরাহের ওপর নির্ভরতা কমাতে ২০২২ সাল থেকে ইউরোপ গ্যাসের উৎস বহুমুখী করেছে। জ্বালানি অবকাঠামোর পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির বিস্তার এবং জ্বালানি দক্ষতা বাড়াতেও বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে ইউরোপের সবচেয়ে বড় পাইপলাইন গ্যাস সরবরাহকারী নরওয়ে এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সবচেয়ে বড় সরবরাহকারী যুক্তরাষ্ট্র।
দোমব্রোভস্কিস বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব ইউরোপীয় অর্থনীতি ও মূল্যস্ফীতিতে পড়লেও সামগ্রিকভাবে অর্থনীতি আগের তুলনায় বেশি স্থিতিস্থাপকতা দেখাচ্ছে। তবে সরবরাহের উৎস বহুমুখী করলেই আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির প্রভাব পুরোপুরি এড়ানো যায় না। বরং সরবরাহে বিঘ্ন ঘটলে বিকল্প ব্যবস্থা কাজে লাগানো এবং অর্থনীতির ওপর অভিঘাত সীমিত রাখাই এর উদ্দেশ্য।
সেমিনারে আইএমএফের ইউরোপীয় বিভাগের পরিচালক মাতেউশ শ্চুরেক বলেন, গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, খাদ্য, সেমিকন্ডাক্টর ও আন্তর্জাতিক বাণিজ্যপথের সরবরাহে বিঘ্ন ঘটলে মূল্যস্ফীতি, সরকারি অর্থব্যবস্থা, প্রতিযোগিতা সক্ষমতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রভাবিত হতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, স্থিতিস্থাপকতা বাড়ানোর ক্ষেত্রে ব্যয়, দক্ষতা ও উন্মুক্ত বাণিজ্যের বিষয় বিবেচনায় রাখা জরুরি।
বাংলাদেশের জন্য ঝুঁকি
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও অন্যান্য খাতে দেশীয় গ্যাসের পাশাপাশি আমদানি করা এলএনজি ও জ্বালানি তেলের ওপর নির্ভর করতে হয়। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম বাড়লে আমদানি ব্যয় ও বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি ভর্তুকির প্রয়োজনও বাড়তে পারে।
বাংলাদেশের এলএনজি আমদানিতে কাতারের মতো সরবরাহকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো সরবরাহকারী দেশে উৎপাদন বা রপ্তানি ব্যাহত হলে বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহের প্রয়োজন হতে পারে। আন্তর্জাতিক বাজারে তখন দাম বেশি থাকলে বিকল্প সরবরাহ নিশ্চিত করার ব্যয়ও বাড়তে পারে।
জ্বালানি আমদানির ব্যয় বাড়লে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার খরচ বৃদ্ধি পেয়ে পণ্য ও সেবার দামে প্রভাব ফেলতে পারে। আমদানি ব্যয় বাড়ার সঙ্গে বৈদেশিক মুদ্রার চাহিদাও বাড়ে। ফলে জ্বালানি নিরাপত্তার সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির বিষয় জড়িত।
করণীয়
ইউরোপের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য আমদানির উৎস বহুমুখী করা, বিকল্প সরবরাহকারী ও বাজারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি চুক্তি ও স্পট মার্কেট থেকে কেনাকাটার মধ্যে ভারসাম্য রাখার শিক্ষা পাওয়া যায়। একই সঙ্গে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং শিল্প ও বাণিজ্যিক স্থাপনায় জ্বালানি দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া যেতে পারে।
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সময় আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামাল দিতে আগাম পরিকল্পনা, ব্যয় নিয়ন্ত্রণ ও স্বচ্ছ মূল্য নির্ধারণব্যবস্থা গুরুত্বপূর্ণ। নিম্ন আয়ের পরিবার ও ক্ষুদ্র ব্যবসার ওপর মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে লক্ষ্যভিত্তিক সহায়তার ব্যবস্থাও বিবেচনায় রাখার কথা বলা হয়েছে।
সরবরাহব্যবস্থার নিরাপত্তার নামে অপ্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা তৈরি বা আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সৃষ্টি করলে নতুন ব্যয় তৈরি হতে পারে। তাই কোন পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটলে অর্থনীতি বেশি ক্ষতিগ্রস্ত হবে, কোথায় দেশীয় উৎপাদন বাড়ানো সম্ভব এবং কোথায় বিকল্প আমদানি উৎস, মজুত ও অবকাঠামো উন্নয়ন প্রয়োজন—তা ব্যয় ও সুফল বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।
সমন্বিতভাবে জ্বানি আমদানির ঝুঁকি কমানো, দেশীয় উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, দক্ষ ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতার কৌশল গড়ে তোলা গেলে সরবরাহের অনিশ্চয়তা মোকাবিলা সহজ হতে পারে। এতে জ্বালানি নিরাপত্তার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।

