Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কটিয়াদীতে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট

কটিয়াদীতে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট

অনলাইন ডেস্ক: চারদিকে ঢাকের গম্ভীর আওয়াজ আর কাঁসর-ঘণ্টার ঝংকার। ঢাকিদের ছন্দময় পরিবেশনা শুনে পছন্দের বাদক দল খুঁজছেন পূজার আয়োজকেরা, চলছে দর-কষাকষি। শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে এভাবেই বসেছে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট। তবে গত কয়েক বছরের তুলনায় এবার ঢাকিদের হাঁকা দাম অনেকটাই বেশি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে কটিয়াদী পৌরসভার পুরাতন বাজার এলাকায় শুরু হওয়া এ হাট চলবে শুক্রবার পর্যন্ত।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাক, ঢোল, কাঁসর, সানাই, বাঁশি ও ঝুমকাসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে হাটে এসেছেন ঢাকি ও বাদ্যযন্ত্রশিল্পীরা। কটিয়াদী, পাকুন্দিয়া, হোসেনপুর, ভৈরব, কিশোরগঞ্জ সদর, ময়মনসিংহ ও নেত্রকোনাসহ বিভিন্ন এলাকার পূজার আয়োজকেরা এখান থেকে ঢাকিসহ বাদক দল ভাড়া করে নিয়ে যাচ্ছেন।

দর-কষাকষিতে চড়া দাম

স্থানীয়দের দাবি, প্রায় ৫০০ বছরের এ হাট শুধু ঢাকি ভাড়া করার স্থান নয়; এটি এলাকার লোকজ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিরও অংশ। তবে মোবাইল ফোন ও অনলাইন যোগাযোগ বাড়ায় সরাসরি হাটে এসে ঢাকি নির্বাচন ও চুক্তি করার প্রবণতা কমেছে।

হাটে এসে পূজার আয়োজকেরা ঢাকিদের পরিবেশনা শোনেন। দলের সদস্যসংখ্যা, বাদ্যযন্ত্রের বৈচিত্র্য ও বাজানোর দক্ষতা বিবেচনা করে পছন্দের দল নির্বাচন করা হয়। সাধারণত পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত পাঁচ দিনের জন্য দল ভাড়া নেওয়া হয়। পূজামণ্ডপে অবস্থানকালে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও আয়োজকদের করতে হয়।

হাটে আসা ঢাকি ও আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর বা কয়েক বছর আগেও একটি ঢাকের দলের জন্য ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত চুক্তি হতো। এবার একটি ঢাকের জন্য ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। দলের সদস্যসংখ্যা, বাদ্যযন্ত্রের ধরন ও পরিবেশনার ওপর ভিত্তি করে চুক্তির অঙ্ক কমবেশি হচ্ছে।

নরসিংদীর শিবপুর থেকে তিন সদস্যের দল নিয়ে আসা সতেন্দ্র মনিদাস জানান, ৩০ বছর ধরে তিনি এ হাটে আসছেন। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এবার তাদের দলের জন্য ৪০ থেকে ৪৫ হাজার টাকা চাওয়া হচ্ছে বলে জানান তিনি। তবে ক্রেতারা ১৫ থেকে ২০ হাজার টাকা বলছেন; ২৫ থেকে ৩০ হাজার টাকা হলে তারা চুক্তি করবেন বলে জানান সতেন্দ্র।

হোসেনপুরের পূজার আয়োজক অশোক দাস বলেন, ঢাকের দাম কিছুটা চড়া—১৯, ২০ ও ২২ হাজার টাকা চাওয়া হচ্ছে, তাই দর-কষাকষি চলছে। কিশোরগঞ্জ সদর থেকে আসা রনজিত মোদক জানান, এবার হাটের দাম বেশি হলেও তিনি ১৬ হাজার টাকায় একটি ঢাকের দলের সঙ্গে চুক্তি করেছেন।

ভৈরব থেকে আসা রেনোকা সরকার বলেন, দুর্গাপূজার গুরুত্বপূর্ণ অংশ ঢাক-ঢোল। সাউন্ড বক্স ব্যবহারের পরও ঢাক-ঢোল ছাড়া পূজা পূর্ণতা পায় না বলে মনে করেন তিনি।

ঐতিহ্যের ইতিহাস

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, ষোড়শ শতকে কটিয়াদীর চারিপাড়া গ্রামে সামন্ত রাজা নবরঙ্গ রায়ের প্রাসাদে দুর্গাপূজা হতো। পূজাকে আকর্ষণীয় করতে তিনি দূরদূরান্ত থেকে দক্ষ ঢাকিদের আনতেন। প্রচলিত কাহিনি অনুসারে, বিক্রমপুর অঞ্চল থেকে ঢাকিরা নৌপথে পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরবর্তী যাত্রাঘাটে এসে সমবেত হতেন। রাজা তাদের পরিবেশনা শুনে পছন্দের দল নির্বাচন ও সম্মানী দিতেন। স্থানীয়দের ধারণা, সেই আয়োজন থেকেই হাটের সূচনা। পরে এটি কটিয়াদী পৌরসভার পুরাতন বাজার এলাকায় স্থায়ী রূপ পায়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন হাটটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, এটি এলাকার ঐতিহ্য এবং দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকি ও বাদ্যযন্ত্রশিল্পীরা এখানে আসেন। হাটের পয়োনিষ্কাশন, সুপেয় পানি ও যাতায়াতব্যবস্থার উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আগামী বছর থেকে এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন সংসদ সদস্য।

প্রযুক্তির বিস্তারে ঢাকি নির্বাচন ও চুক্তির ধরন বদলালেও কটিয়াদীর ঢাকের হাট ঘিরে মানুষের আগ্রহ রয়েছে। দুর্গোৎসবের প্রস্তুতির পাশাপাশি কয়েক শতাব্দীর এ ঐতিহ্য ধরে রাখার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram