Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জরিমানার পরও গাইবান্ধায় বন্ধ হচ্ছে না অসুস্থ গরু জবাই

জরিমানার পরও গাইবান্ধায় বন্ধ হচ্ছে না অসুস্থ গরু জবাই

অনলাইন ডেস্ক: অ্যানথ্রাক্সের ঝুঁকি, একের পর এক মানুষের আক্রান্ত হওয়া এবং প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই যেন থামছে না গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের ঘটনা। জেলার একাধিক উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে, জব্দ করা হয়েছে মাংস। এরপরও একই ধরনের ঘটনা সামনে আসতে থাকায় অ্যানথ্রাক্সের ঝুঁকি বাড়ছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, অসুস্থ পশু জবাই ঠেকাতে বিদ্যমান নজরদারি কতটা কার্যকর।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা ৫৮ জনে দাঁড়িয়েছে।

অসুস্থ গরু জবাইয়ের পর আক্রান্ত

গত ১১ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বাছোহাটি গ্রামে একটি অসুস্থ ফ্রিজিয়ান গাভী জবাই করা হয়। মাংস কাটাকাটিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেওয়ার কয়েক দিন পর তাদের কারও কারও শরীরে ফোসকা দেখা দেয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের সন্দেহভাজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করে।

গত ২৫ সেপ্টেম্বর রোগের বিস্তার অনুসন্ধানে ঢাকা ও রংপুরের সমন্বয়ে গঠিত আইইডিসিআরের ছয় সদস্যের একটি আউটব্রেক ইনভেস্টিগেশন টিম মাঠে নামে। পরে নমুনা পরীক্ষার প্রতিবেদনে মাংস ও উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযান ও জরিমানা

গত ৩ অক্টোবর সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের গেন্দুরাম গ্রামে অসুস্থ গরু জবাইয়ের দায়ে হোসাইন মিয়া (২০) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জবাই করা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ অভিযানটি পরিচালনা করেন।

এর আগে ২৯ সেপ্টেম্বর উত্তর সাহাবাজ গ্রামে অসুস্থ গরু জবাইয়ের দায়ে গরুর মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মেডিকেল সনদ ছাড়া পশু জবাইয়ের অপরাধে বিভিন্ন বাজারের ছয় কসাইকে ২ হাজার টাকা করে এবং একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অসুস্থ গরুর মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখা হয়।

একই দিন সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে ব্যবসায়ী জেলাল শেখকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ৪৫ কেজি মাংস পুঁতে ফেলা হয়।

নজরদারি নিয়ে প্রশ্ন

অসুস্থ পশু জবাইয়ের আগে শনাক্ত না হওয়া নিয়ে ক্রেতা ও সচেতন নাগরিকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ করেছেন। সচেতন নাগরিক সিরাজ উদ্দিনও প্রাণিসম্পদ বিভাগের মাঠপর্যায়ের দায়িত্বশীলতা বাড়ানোর কথা বলেছেন।

কৃষক সাইফুল ইসলাম ও খামারি মোশাররফ হোসেন মাঠপর্যায়ে প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ ও সহযোগিতা না পাওয়ার কথা জানিয়েছেন।

সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম জানান, গরুর মালিক ও কসাইদের সচেতন করতে উঠান বৈঠক ও প্রচারণা চলছে। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস রওজাতুন জান্নাত বলেন, অসুস্থ গরু জবাই ও মাংস বিক্রি বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জোবাইদুল কবীর জানান, অ্যানথ্রাক্সের নতুন করে ১ লাখ ৪ হাজার ভ্যাকসিন বরাদ্দ পাওয়া গেছে। তবে জনবল সংকট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে একটি রোগাক্রান্ত গরু জবাইয়ের পর মাংস কাটাকাটিতে অংশ নেওয়া ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়। তাদের মধ্যে রোজিনা বেগম (৪৫) ৫ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram