Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর

হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর

অনলাইন ডেস্ক: মাগুরার মহম্মদপুরে মাচাজুড়ে ঝুলছে হলুদ ও সবুজ রঙের তরমুজ। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ব্যতিক্রমী এ দৃশ্য দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। কেউ কৌতূহল নিয়ে ক্ষেত দেখছেন, কেউ আবার মুঠোফোনে ছবি তুলছেন। অসময়ে তরমুজ চাষ করে এমনই সাড়া ফেলেছেন উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা মো. হাসানুর রহমান।

মাত্র পাঁচ শতাংশ জমিতে ‘ব্লাক বেরি’ ও ‘ইয়োলো মেলন’ জাতের তরমুজ চাষ করেছেন তিনি। এর মধ্যে হলুদ রঙের ইয়োলো মেলন মানুষের নজর কেড়েছে বেশি। প্রচলিত ফসলের বাইরে গিয়ে নেওয়া তার এই উদ্যোগ দেখতে স্থানীয় বাসিন্দারা প্রতিদিনই আগ্রহ দেখাচ্ছেন।

হাসানুর রহমান উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া গ্রামের বাসিন্দা। শখের বশে শুরু করা এই উদ্যোগ এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

তরমুজ চাষের জন্য মাগুরা জেলা শহর থেকে ২০ গ্রাম বীজ কিনতে তার খরচ হয়েছে ১ হাজার ৩০০ টাকা। পরে ওই বীজ থেকে নিজেই চারা উৎপাদন করেন তিনি। গত আগস্টে জমিতে চারা রোপণ করেন। প্রায় দেড় মাস পরিচর্যার পর গাছে ফল আসতে শুরু করে।

প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে হাসানুর মাচাপদ্ধতিতে তরমুজ চাষ করেছেন। বাঁশের খুঁটি ও নাইলনের নেট দিয়ে তৈরি মাচা বেয়ে ছড়িয়ে পড়েছে গাছের লতা। লতার ফাঁকে ফাঁকে ঝুলছে হলুদ ও সবুজ রঙের তরমুজ।

স্থানীয় কৃষক বাবলু বলেন, এলাকায় সাধারণত এভাবে তরমুজ চাষ দেখা যায় না। অল্প জমিতে নতুন জাতের তরমুজ চাষ করে হাসানুর অন্যদের মধ্যে আগ্রহ তৈরি করেছেন।

আরেক কৃষক জমির নামে বলেন, হাসানুরের উদ্যোগটি এলাকার জন্য ব্যতিক্রমী। অল্প জমিতে নতুন জাতের তরমুজ চাষ করা যায়, তা তার ক্ষেত না দেখলে বোঝা যেত না। ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়া গেলে ভবিষ্যতে আরও কৃষক এ চাষে আগ্রহী হতে পারেন।

হাসানুর রহমান বলেন, নিতান্তই শখের বশে তরমুজ চাষ করেছেন। মাচায় ঝুলে থাকা তরমুজ দেখতে ভালো লাগে; বিশেষ করে হলুদ রঙের তরমুজ সহজেই মানুষের নজর কাড়ে।

মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু বলেন, এ অঞ্চলের কৃষকরা সাধারণত তরমুজ চাষ করেন না। তরুণ কৃষি উদ্যোক্তা হাসানুর রহমানের উদ্যোগ প্রশংসনীয়। তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন জাতের ফল ও সবজি চাষ কৃষিতে বৈচিত্র্য আনতে পারে। তবে বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে উৎপাদন খরচ, ফলন ও বাজার চাহিদা বিবেচনা করা প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram