Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অ্যানফিল্ডে বিশাল আকারের কলা কেন এনেছিলেন ম্যানসিটি সমর্থকরা?

অ্যানফিল্ডে বিশাল আকারের কলা কেন এনেছিলেন ম্যানসিটি সমর্থকরা?

অনলাইন ডেস্ক: অ্যানফিল্ডে লিভারপুল সমর্থকদের মুখোমুখি হওয়ার সময় ম্যানচেস্টার সিটির সমর্থকরা আকাশে শত শত বাতাস ভরা কলা ওড়ান।

২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে ক্লাবের আবুধাবির মালিকরা নিয়মতান্ত্রিকভাবে আর্থিক নিয়ম লঙ্ঘন করেছেন বলে একটি স্বাধীন কমিশন রায় দেওয়ার পর প্রিমিয়ার লিগে সিটির এটিই ছিল প্রথম ম্যাচ। ক্লাবটি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে এবং নিজেদের অবস্থানের পক্ষে অকাট্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছে।

ম্যাচের শুরুতে সিটির খেলোয়াড়রা বল স্পর্শ করলেই লিভারপুল সমর্থকদের দুয়োর মুখে পড়েন। খেলা শুরুর আগে সিটি সমর্থকরা নিজেদের খেলোয়াড়দের হাততালি দিয়ে অভিবাদন জানান এবং বিশাল আকৃতির বাতাস ভরা কলা ওড়ান।

কলা ওড়ানোর ঐতিহ্য

সিটির সমর্থকদের এই আয়োজন আশির দশকের শেষ দিকের একটি ঐতিহ্য ফিরিয়ে আনার প্রচেষ্টা। সে সময় ইংরেজ ফুটবলের কঠিন পরিস্থিতির মধ্যে সমর্থকেরা ম্যাচে কলা ও অন্যান্য বাতাস ভরা জিনিস নিয়ে আসতেন।

১৯৮৭-৮৮ মৌসুমে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার পর থেকে বাতাস ভরা কলা সিটির প্রতীক হয়ে ওঠে। এর পেছনে সাবেক স্ট্রাইকার ইমরে ভারাদির ভূমিকা ছিল বলে অনেকের দাবি। সমর্থকেরা তাকে ‘ইমরে বানানা’ নামে ডাকতেন, যা পরে স্লোগানে পরিণত হয়।

কলা বিক্রি করা দান্তে ফ্রেন্ডের বক্তব্য অনুযায়ী, ফ্রাঙ্ক নিউটন নামের এক ভক্ত পরের ম্যাচে বাতাস ভরা কলা মাঠে নিয়ে আসেন। এরপর এটি সিটির ম্যাচে একটি ঐতিহ্যে পরিণত হয়।

‘১৮৯৪’ নামের সমর্থক গোষ্ঠী এই উদ্যোগটি প্রচার করে। গোষ্ঠীটির মতে, ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতের মধ্যেও খেলায় আনন্দ ফিরিয়ে আনার ইঙ্গিত হিসেবে কলা ওড়ানো হয়েছে।

এদিকে, সিটিকে গোপন তহবিল স্কিম ব্যবহার করে ৯০ কোটি পাউন্ড রাজস্ব বাড়িয়ে দেখানোর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ঘটনায় লিভারপুল সমর্থকেরা সিটির বিরুদ্ধে গান ও স্লোগান দেন। স্টেডিয়ামের বাইরে সিটির খেলোয়াড়দের ছবি দিয়ে ‘দোষী’ ও ‘প্রতারক’ লেখা পতাকা এবং স্কার্ফও বিক্রি হয়।

শৃঙ্খলা বজায় রাখতে মার্সিসাইড পুলিশ ড্রোন ওড়ায় এবং স্টেডিয়ামের চারপাশে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। মাঠের এক কোণে লিভারপুল সমর্থকেরা ‘সমর্থকদের একটি প্রজন্মকে প্রতারিত করা হয়েছে’ লেখা ব্যানার প্রদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram