Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কৃষকের বাড়ি থেকে ৫৪ বস্তা সার জব্দ, জরিমানা

কৃষকের বাড়ি থেকে ৫৪ বস্তা সার জব্দ, জরিমানা

অনলাইন ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক কৃষকের বাড়িতে মজুত করে রাখা ৫৪ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন।

অভিযানে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবিশ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হানসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়িতে রাসায়নিক সার মজুতের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে ৭৫ বস্তা ভর্তি এবং আরও একটি বস্তার অর্ধেক সার পাওয়া যায়। যাচাইয়ের পর রমজান ২১ বস্তা সারের বৈধ মেমো দেখাতে পারেন। বাকি ৫৪ বস্তার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয় এবং তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা সারের মধ্যে টিএসপি ১২ বস্তা, এমওপি ২০ বস্তা, ডিএপি ১৯ বস্তা ও ইউরিয়া ৩ বস্তা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, কৃষক হিসেবে রমজানের বৈধ মেমো থাকা ২১ বস্তা সার বাদ দিয়ে বাকি ৫৪ বস্তা জব্দ করা হয়েছে।

তিনি জানান, অভিযান শেষ হতে রাত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সার বিক্রি করা সম্ভব হয়নি। জব্দ করা সার পাঁচবিবি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার এসব সার বিক্রি করে পাওয়া টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা রয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, ৫৪ বস্তা সার থানায় রাখা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় থানার সামনে স্থানীয় কৃষকদের কাছে ন্যায্য দামে এসব সার বিক্রি করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram