অনলাইন ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে দীর্ঘদিন মাদক সেবনের পর নিজের ভুল উপলব্ধি করে স্বাভাবিক জীবনে ফিরতে থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন শুকুর আলী নামে এক যুবক।
সোমবার (৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। এর আগে রোববার রাতে শুকুর আলী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তিনি সৈয়দপুর শহরের নিচু কলোনি রাইসমিল পাড়ার নবাব আলীর ছেলে।
পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন মাদকাসক্ত থাকার কারণে শুকুর আলীর পারিবারিক ও সামাজিক জীবনে নানা সংকট তৈরি হয়। একপর্যায়ে তিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেন।
পুলিশ সূত্র জানায়, আত্মসমর্পণের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুকুর আলীকে সাজা দেওয়া হয়েছে।
শুকুর আলী বলেন, মাদক সেবনের কারণে তার পরিবারে অশান্তি তৈরি হয়েছিল এবং সমাজে অপমান ও লাঞ্ছনার মুখে পড়তে হয়েছে। এসব উপলব্ধি করে তিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সাজা ভোগের পর আর মাদকের পথে না যাওয়ার অঙ্গীকার করেছেন বলেও জানান তিনি।
শুকুর আলীর বাবা নবাব আলী বলেন, ছেলের মাদকের পেছনে অর্থ জোগাতে গিয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ছেলের মাদকাসক্তির কারণে পরিবারে সংকট তৈরি হয় এবং তার দুই নাবালক সন্তানও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। স্বামীকে মাদক থেকে ফেরাতে না পেরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান বলেও জানান তিনি।
ওসি রেজাউল করিম বলেন, কেউ নিজের ভুল বুঝতে পেরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তিনি জানান, শুকুর আলী গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক সেবনের পেছনে তার প্রতিদিন প্রায় এক হাজার টাকা ব্যয় হতো। ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক গ্রহণের কথাও জানা গেছে।

