Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অধিনায়কত্বের সঙ্গে দল থেকেও বাদ সালমান, পাকিস্তানের স্কোয়াডে চমক

অধিনায়কত্বের সঙ্গে দল থেকেও বাদ সালমান, পাকিস্তানের স্কোয়াডে চমক

অনলাইন ডেস্ক: প্রায় দুই বছর পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করা সালমান আলি আগাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড থেকেও বাদ পড়েছেন তিনি। তার পরিবর্তে সাহিবজাদা ফারহানকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। এ ছাড়া আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলেও চমক রেখেছে দেশটি।

সদ্য শেষ হওয়া এশিয়ান গেমস ক্রিকেটে রৌপ্যজয়ী পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন ফারহান। ফাইনালে পূর্ণশক্তির ভারতের কাছে ১৯ রানে হারে তার দল। এশিয়ান গেমসে আশানুরূপ ব্যাটিং করতে না পারলেও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬০ স্ট্রাইক রেটে ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন এই ডানহাতি ওপেনার।

এশিয়ান গেমসের ফাইনালে ৯৬ রান করা হাসান নেওয়াজ প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন। ফেব্রুয়ারিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার এই ফরম্যাটে ডাক পেয়েছেন নাসিম শাহ। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলেও আছেন তিনি।

দুই ফরম্যাটের দলেই বড় চমক মোহাম্মদ রাজাউল্লাহ। ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে ব্যাট ও বল হাতে রেকর্ড গড়া এই তরুণ দুই ফরম্যাটেই অনভিষিক্ত হিসেবে দলে যুক্ত হয়েছেন।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তানের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি। ওই দলে বাবর আজম থাকলেও তদন্তের অধীনে থাকা মোহাম্মদ রিজওয়ান বাদ পড়েছেন। ইংল্যান্ডে টেস্ট অভিষেক হওয়া উইকেটরক্ষক ব্যাটার গাজী ঘোরি ওয়ানডে দলে ডাক পেয়েছেন। টি-টোয়েন্টি দলে একমাত্র উইকেটরক্ষক হিসেবে আছেন খাজা নাফে।

আসন্ন টি-টোয়েন্টি ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে ফিরছেন শন টেইট। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এক বছর দলটির কোচ ছিলেন বাংলাদেশের দায়িত্ব ছেড়ে যাওয়া এই সাবেক অস্ট্রেলিয়ান।

সিরিজ সূচি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে খেলবে পাকিস্তান। একই ভেন্যুতে ১৮ অক্টোবর শুরু হবে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজ। তিন দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। ৩১ অক্টোবরের ফাইনালসহ চারটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল

সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নেওয়াজ, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, খাজা নাফে (উইকেটরক্ষক), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ওয়ানডে দল

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, গাজী ঘোরি, হারিস রউফ, হাসান নেওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram