অনলাইন ডেস্ক: দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবার প্রসারের পাশাপাশি ইন্টারনেট গ্রাহকদের সুবিধা দিতে সেবার মূল্য বা খরচ আরও কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের অব্যবহৃত সব সম্পদ পুনরায় কার্যকর করা এবং ডাক বিভাগে আধুনিক পার্সেল সেবার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ।
বৈঠকে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর জনবল, কার্যক্রম, সাম্প্রতিক অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। ডাক ও টেলিযোগাযোগ খাতের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, তরঙ্গ ব্যবস্থাপনা, দেশীয় টেলিযোগাযোগ শিল্প, ডাক বিভাগের পার্সেল সার্ভিস এবং দেশজুড়ে ওয়াই-ফাই সেবার বর্তমান পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা হয়।
কমিটি সাধারণ মানুষের ভূমি সেবা পাওয়ার মান উন্নয়ন, ডাক বিভাগের ডেটাবেইজে নাগরিকদের নির্ভুল ঠিকানা সংরক্ষণ, শক্তিশালী ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থার প্রসারে দিকনির্দেশনা দিয়েছে। এ ছাড়া এআই-সক্ষম বাংলাদেশ গঠন, ডিজিটাল পেমেন্টের প্রসার, সার্বক্ষণিক কলসেন্টারের মাধ্যমে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি এবং সাইবার নিরাপত্তা জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে।
শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপরও জোর দিয়েছে কমিটি। তরুণ ও নতুন প্রজন্মকে দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি টেলিটকের দুর্বল সেবার মান উন্নত করে গ্রাহকবান্ধব করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার প্রধান, সংশ্লিষ্ট সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

