অনলাইন ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নিখোঁজ দুই কিশোরী মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তারকে (১৪) কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকার গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকালে চৌদ্দগ্রাম থানার কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদরাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় দুই কিশোরী। পরে তারা মাদরাসায় না পৌঁছানো এবং বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করা হয়।
নিখোঁজের বিষয়টি জানার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় তাদের উদ্ধারে প্রয়োজনীয় আইনি কার্যক্রম নেওয়া হয়। চৌদ্দগ্রাম মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার দল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অনুসন্ধান চালায়। একপর্যায়ে কক্সবাজারে দুই কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়।
পরে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান চালিয়ে সমুদ্রসৈকত এলাকার গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী বলেছে, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার যায়। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

