অনলাইন ডেস্ক: দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পের আওতায় সিলেট বিভাগ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মাদ্রাসাগুলোতে সরবরাহ করা সরঞ্জামের বর্তমান অবস্থা জানতে চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ৪ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানের সই করা চিঠিতে প্রকল্পভুক্ত মাদ্রাসার সুপার ও অধ্যক্ষদের এ তথ্য পাঠাতে বলা হয়।
নির্দেশনা অনুযায়ী, সিলেট বিভাগ এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রকল্পভুক্ত মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য সরবরাহ করা মালামালের বাস্তব অবস্থা নির্ধারিত ছকে জানাতে হবে। তথ্য সংগ্রহ করে ৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
তথ্য পাঠানোর ছকে প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, জেলা ও উপজেলার পাশাপাশি সরবরাহ করা সরঞ্জামের সংখ্যা এবং সেগুলো সচল না অচল—তা উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় মন্তব্যও দিতে হবে।
সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে স্মার্ট টিভি, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, ইউপিএস ও ৪জি ওয়াই-ফাই রাউটার। প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানকে তথ্য যাচাই করে ছকে স্বাক্ষর ও সিল দিতে হবে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ তথ্য চাওয়া হয়েছে।

