অনলাইন ডেস্ক: এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। নারী হকি দল দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে। আর জ্বরে ভোগায় সাইক্লিং ইভেন্টে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন।
এশিয়ান গেমসে বাংলাদেশের দুজন সাইক্লিস্ট অংশ নিচ্ছেন। শাহাদাত হোসেন প্রতিযোগিতায় নামলেও পুরো রেস শেষ করতে পারেননি। প্রথম ল্যাপের পর তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।
পুরুষদের সাইক্লিং রোড রেসিংয়ে বাংলাদেশের আরেক প্রতিযোগী সবুর হোসেন জ্বরে ভুগছিলেন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান বলেন, জ্বরের কারণে সবুরকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। ওষুধ দেওয়ার পরও জ্বর আসা-যাওয়া করছিল এবং অসুস্থতার সনদ দেওয়ায় তিনি খেলতে পারেননি।
বাংলাদেশ দলের সঙ্গে চিকিৎসক থাকলেও গেমসের চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে শেফ দ্য মিশন ইমরোজ বলেন, সাইক্লিংয়ের আবাসন অনেক দূরে হওয়ায় বাংলাদেশের চিকিৎসক সেখানে যেতে পারেননি। দলের সঙ্গে আলোচনা করেই গেমসের চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে।

