Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘আর্টিকেল ৩৭০’–এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম

‘আর্টিকেল ৩৭০’–এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের ক্যারিয়ারে যুক্ত হলো এক নতুন ও উজ্জ্বল পালক। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা অভিনেত্রী বিভাগে এই সম্মাননা তিনি গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে।

পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ইয়ামি। তিনি জানান, ক্যারিয়ারের এই ঐতিহাসিক মুহূর্তটি এখনো পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছেন।

ইয়ামি বলেন, এই সম্মান যেকোনো শিল্পীর জন্য গর্ব ও মর্যাদার বিষয়। স্বপ্ন নিয়ে মায়ানগরীতে আসা শিল্পীদের পক্ষ থেকেও তিনি বিষয়টি দেখছেন বলে জানান। তার ভাষ্য, জীবনে কখন কী অর্জন অপেক্ষা করছে, তা আগে থেকে বলা যায় না।

নিজের কাজের প্রতি একাগ্রতার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, সততার সঙ্গে পরিশ্রম ও ভালো কাজ চালিয়ে গেলে একদিন তার প্রতিফলন পাওয়া যায়। তার যাত্রায় এখনো অনেক কিছু শেখা ও কাজ করা বাকি বলেও জানান তিনি।

আদিত্য সুহাস জাম্বালে পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আদিত্য ধর, মোনাল ঠাক্কার ও অর্জুন ধাওয়ান। ছবিতে ইয়ামি গৌতমের পাশাপাশি অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মণি, স্কন্দ ঠাকুর, অশ্বিনী কাউল, বৈভব ততোয়াদী, অরুণ গোভিল ও কিরণ কর্মকার।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram