অনলাইন ডেস্ক: ‘ভাঙছে নদী, কাঁদছে মানুষ’—মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর তীরবর্তী মানুষের কাছে যেন এটাই বছরের পর বছরের বাস্তবতা। দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে অব্যাহত নদীভাঙনে বদলে যাচ্ছে উপজেলার মানচিত্র। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা, দোকানপাট ও রাস্তাঘাট। বর্ষা এলেই নতুন করে আতঙ্কে দিন কাটে নদীপাড়ের শত শত পরিবারের।
উপজেলার চুড়ারগাতি, চরগয়াশপুর, কাশীপুর, বসুরধুলজুড়ী, ভোলানাথপুর, রুইজানী, গোপালনগর, জাঙ্গালীয়া, ধুপুড়িয়া, রায়পাশা, চরপাচুড়িয়া, হরেকৃষ্ণপুর, আড়মাঝি, ঝামা, দেউলি ও কালীশংকরপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙন চলছে। চুড়ারগাতি, চরগয়াশপুর, বসুরধুলজুড়ী, ভোলানাথপুর, জাঙ্গালীয়া, হরেকৃষ্ণপুর, ঝামা ও দেউলি এলাকায় ভাঙনের তীব্রতা বেশি।
স্থানীয়দের দাবি, নদীর মাঝ বরাবর বিভিন্ন এলাকায় বড় চর জেগে ওঠায় মধুমতির স্বাভাবিক স্রোত বাধাগ্রস্ত হচ্ছে। গোপালনগর থেকে প্রায় পাল্লা গ্রাম পর্যন্ত এবং আড়মাঝি, হরেকৃষ্ণপুর ও ঝামা এলাকায় জেগে ওঠা চরগুলোর কারণে স্রোতের চাপ তীরের দিকে বেশি পড়ছে বলে মনে করছেন তারা।
নদীপাড়ের বাসিন্দা রহমত শেখ বলেন, বছরের পর বছর ভাঙনের সঙ্গে লড়াই করে তাদের জীবন কাটছে। ভাঙন শুরু হলে ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নেওয়া ছাড়া উপায় থাকে না। তিনি স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নজরুল ইসলাম বলেন, মধুমতির ভাঙনে ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমি ও গাছপালাও নদীগর্ভে যাচ্ছে। এতে মানুষের বসবাস ও জীবিকা হুমকির মুখে পড়েছে। তাঁর মতে, সাময়িকভাবে জিও ব্যাগ ফেলার পাশাপাশি স্রোতের গতিপথ বিবেচনায় স্থায়ী ব্যবস্থা প্রয়োজন।
গত এক মাসের টানা বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধিতে ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রতিদিন কোথাও না কোথাও নদীর পাড় ভেঙে বসতভিটা, ফসলি জমি ও গাছপালা বিলীন হচ্ছে। পানি কমে ভাটার টান বাড়লে ভাঙন আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন নদীতীরবর্তী পরিবারগুলো।
মধুমতির ভাঙনে বহু ফসলি জমি, বৃক্ষরাজি, দোকানপাট ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গোরস্তানও ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে এসব স্থাপনাও নদীগর্ভে চলে যেতে পারে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, ভাঙনকবলিত ঝুঁকিপূর্ণ কিছু এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সন্তোষ কর্মকার বলেন, ঝামা ও হরেকৃষ্ণপুর এলাকায় জিও ব্যাগের মাধ্যমে প্রাথমিকভাবে ভাঙনরোধের চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
নদীপাড়ের মানুষের দাবি, প্রতিবছর ভাঙন শুরু হওয়ার পর সাময়িক ব্যবস্থা না নিয়ে স্থায়ী নদীশাসন ও তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

