অনলাইন ডেস্ক: এশিয়া কাপের পর এশিয়ান গেমসও হতাশায় শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল নিগার সুলতানা জ্যোতিরা। তবে গতকাল সেই পাকিস্তানের বিপক্ষেই ৩১ রানে হেরে পদকের স্বপ্নভঙ্গ হয়েছে। এমন হারের পর খালি হাতেই ফিরতে হচ্ছে নারী দলকে।
ধারাবাহিক ব্যর্থতার পর ক্রিকেটারদের সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠছে। নারী ক্রিকেটকে ঢেলে সাজানোর উদ্যোগের অংশ হিসেবে কোচিং প্যানেলে একাধিক পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। প্রধান কোচ, ব্যাটিং কোচ ও ফিল্ডিং কোচ—প্রতিটি ইউনিটেই নতুন নিয়োগের সম্ভাবনা রয়েছে।
এদিকে জ্যোতি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ায় নারী টি-টোয়েন্টি দলে নতুন অধিনায়ক আসতে পারে। এশিয়ান গেমসে নারী দলের ব্যর্থতা নিয়ে একটি রিপোর্টও তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। বিসিবি পরিচালক সিরাজউদ্দিন আলমগীর মাঠে বসে নারীদের খেলা দেখেছেন। দেশে ফিরে তিনি বিসিবি সভাপতিকে বিষয়টি অবহিত করবেন।
নারী দল আজ দেশে ফিরছে। আগামী শনিবার বিসিবির জরুরি সভা হওয়ার কথা রয়েছে। সভায় মেয়েদের আসন্ন অস্ট্রেলিয়া সফর ও অধিনায়কত্বের বিষয়টি এজেন্ডায় থাকতে পারে বলে জানা গেছে।

