Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

অনলাইন ডেস্ক: নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হওয়ার কারণে কোনো মামলার বিচারকাজ স্থগিত বা বাতিল হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরও আসামির বিচারপ্রক্রিয়া চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা থাকছে না।

আদালত বলেছেন, বিচার শেষ করার ক্ষেত্রে আইনে উল্লেখিত ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়, নির্দেশনামূলক। নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ করা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের দায়িত্ব হলেও সময়সীমা পেরিয়ে গেলেই মামলার কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর বা কোনো বিরূপ আইনগত পরিণতির মুখে পড়বে না।

মো. সাইফুল ইসলাম ওরফে পাভেল বনাম রাষ্ট্র মামলায় এ রায় দেন হাইকোর্ট। ইডেন কলেজের এক ছাত্রীর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জারি করা রুল খারিজ করে বিচারপতি কে. এম. কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০২৩ সালের ৭ জুন রায়টি দেন। রায়ের অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

আদালতের পর্যবেক্ষণ

রায়ে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২০ ও ৩১ক ধারা অনুযায়ী ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হলে বিচারিক কার্যক্রম বাতিল বা স্থগিত হওয়ার কোনো বিধান নেই। ট্রাইব্যুনাল নির্ধারিত সময়ে বিচার শেষ করতে ব্যর্থ হলেও কোনো অবস্থাতেই মামলার বিচার বন্ধ করা যাবে না।

মামলাটিতে পাভেলের বিরুদ্ধে ২০০৮ সালের ২৩ জুলাই অভিযোগ গঠন করা হয়। নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগ অস্বীকার করেন তিনি। পরে ২০১১ সালের ৮ মে হাইকোর্টে রিট করে নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হওয়ায় বিচার স্থগিতের আবেদন করেন পাভেল। হাইকোর্ট প্রথমে মামলার বিচারিক কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন, যা পরে সময় সময় বাড়ানো হয়।

হাইকোর্ট পরে উভয় পক্ষের বক্তব্য এবং সংশ্লিষ্ট আইনের ২০ ও ৩১ক ধারা পর্যালোচনা করে রুলটি খারিজ করেন। একই সঙ্গে আগের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার ও বাতিলের নির্দেশ দেন।

আদালতের মূল রায় লিখেছেন বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী। পাভেলের পক্ষে আইনজীবী ছিলেন এম.এইচ রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান (জামান) ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শফিকুজ্জামান (রানা)।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram