Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

দুদকের চার অভিযানে হাসপাতালের ফি আত্মসাৎ ও অনিয়মের প্রাথমিক তথ্য

দুদকের চার অভিযানে হাসপাতালের ফি আত্মসাৎ ও অনিয়মের প্রাথমিক তথ্য

অনলাইন ডেস্ক: হাসপাতালে রোগীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় করা হলেও জমা রেজিস্টারে কম জমা দেখিয়ে দিনের পর দিন অর্থ আত্মসাৎ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গোপন কক্ষ থেকে আট লাখ ৮২ হাজার টাকা উদ্ধার নিয়ে ধোঁয়াশা, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ দুর্নীতি এবং রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে পৃথক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের চার স্থানে এসব অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। সংস্থাটি জানিয়েছে, অভিযানে বিভিন্ন অভিযোগের অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ফি আদায়ে অসংগতি

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা, নিয়োগ, সিজার অপারেশন ও কেবিনের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদকের হবিগঞ্জ কার্যালয়। এক্স-রে ও প্যাথলজি বিভাগ পরিদর্শনে টিম দেখতে পায়, সেখানে কর্মরত পাঁচ টেকনিশিয়ানের সংশ্লিষ্ট কাজের সনদ বা অভিজ্ঞতা নেই। তাদের প্রাতিষ্ঠানিক বা আউটসোর্সিং নিয়োগপত্রও পাওয়া যায়নি।

দুদকের অভিযানে দেখা যায়, প্রতিদিন গড়ে ৩৫ রোগীর কাছ থেকে এক্স-রে পরীক্ষার ফি নেওয়া হলেও জমা রেজিস্টারে দৈনিক একজন রোগীর ফি জমার তথ্য রয়েছে। প্যাথলজি বিভাগেও আদায় করা ফির তুলনায় রেজিস্টারে কম অর্থ জমার তথ্য পাওয়া গেছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহেও অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক। এ-সংক্রান্ত রশিদের মুড়ি, রেজিস্টারসহ নথি জব্দ করা হয়েছে।

খাগড়াছড়িতে অর্থ উদ্ধারের ঘটনায় প্রশ্ন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়ে ঘুষ, প্রকল্প বাস্তবায়নে হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও পরিষদ কক্ষে নগদ অর্থ রাখার অভিযোগে অভিযান চালায় দুদকের রাঙামাটি কার্যালয়ের দল।

দুদকের তথ্যমতে, গত বছরের ৯ জুলাই অপসারিত সাবেক চেয়ারম্যানের গোপন কক্ষ থেকে আট লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়। নথিপত্র পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলেও অর্থ উদ্ধারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে প্রতীয়মান হয়েছে।

এ ছাড়া ‘গ্রুপভিত্তিক বই পড়া কর্মসূচি’ প্রকল্প পরিদর্শনেও বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া গেছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্র

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উন্নয়ন প্রকল্পে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগবিধি ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে রাজস্ব খাতে স্থানান্তর এবং বেতন-ভাতাসহ আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগে রাজধানীর নিকুঞ্জে বোর্ডের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় নথি সংগ্রহ করে যাচাই শেষে প্রতিবেদন দেওয়া হবে।

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের ভাতা না দিয়ে হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগেও অভিযান চালিয়েছে দুদক। টিম কেন্দ্রটি পরিদর্শন করে সংশ্লিষ্ট নথি সংগ্রহ করেছে। নথি যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram