অনলাইন ডেস্ক: দেশে জানমালের নিরাপত্তা দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।
সাদ্দাম হোসেন বলেন, দেশের মানুষের নিরাপত্তাহীনতার দায় প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বর্তায় বলে তিনি মনে করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা ও দেশে অরাজক পরিস্থিতির ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নগণ্য বলেও মন্তব্য করেন তিনি।
সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য কাউকে দায়িত্ব না দিলে ভবিষ্যতে সৃষ্ট পরিস্থিতির সম্পূর্ণ দায় সরকারের ওপর বর্তাবে বলে মন্তব্য করেন শিবির সভাপতি।
তিনি আরও বলেন, সংসদ শুরু হওয়ার ১৮০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল। তার দাবি, জামায়াতে ইসলামী সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেও সরকারি দল ৭০ শতাংশ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দেওয়া রায়কে গুরুত্ব দেননি এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বলেও অভিযোগ করেন তিনি।
সাদ্দাম হোসেনের দাবি, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করার সাহস পাচ্ছে। সরকারের সদিচ্ছার অভাব, আওয়ামী লীগ ও বিএনপির আঁতাত এবং প্রশাসন পুনর্গঠন না করার কারণে কাঠামো দুর্নীতিগ্রস্ত অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইবি শাখা সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি। অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কোরআন, হিজাব, চাবির রিং, ‘তওবার অন্তরায়’ বই, কলম, টেবিল ক্যালেন্ডার, সংগঠনের লোগোসংবলিত প্যাড, পরিচিতি কার্ড ও ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

