Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন

ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন

অনলাইন ডেস্ক: ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারা কান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এতে আসবাবপত্র পুড়ে গেছে এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে কার্যালয়ের পেছনের অংশে সিঁধ কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দা ওলি ডাকুয়া আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিএনপি নেতাদের দাবি, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিলের চেষ্টা করলে তারা বাধা দেন। এর জের ধরে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার বলেন, আগুনে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে এবং কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জীবন জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাতে এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছিল। আগুনের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এতে ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

খবর পেয়ে সকালে ঝালকাঠি সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram