অনলাইন ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ এবং রাজবাড়ী ও পাংশা পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দ্বিতীয় দফায় সারা দেশের প্রার্থীদের তালিকা প্রকাশের অংশ হিসেবে রাজবাড়ীর একটি উপজেলা ও দুটি পৌরসভার প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এনসিপির রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. পলাশ খান আব্দুল্লাহ। রাজবাড়ী পৌরসভায় মেয়র পদে জেলা সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান সাকিব এবং পাংশা পৌরসভায় মেয়র পদে পাংশা উপজেলা আহ্বায়ক এম জহিরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।
প্রার্থী তালিকা প্রকাশের সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রার্থীদের নাম ঘোষণার পর রাজবাড়ীর একটি উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রাজবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী সাইদুর জামান সাকিব বলেন, দল তাকে মনোনয়ন দেওয়াকে তিনি সম্মান ও দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। তিনি রাজবাড়ীবাসীর সেবক হতে চান এবং সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকার কথা জানান।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. পলাশ খান আব্দুল্লাহ বলেন, দলীয় মনোনয়নকে তিনি আস্থা ও সম্মান হিসেবে গ্রহণ করেছেন। বালিয়াকান্দিবাসীর অধিকার আদায়ের লড়াইয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পাশে থাকার কথা জানান তিনি।

