Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ফেনীতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের গাড়িতে হামলা

ফেনীতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের গাড়িতে হামলা

অনলাইন ডেস্ক: ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন উত্তেজিত লোকজন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শহরের গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম আনোয়ার হোসেন পারভেজ। তিনি দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইমান আলী সওদাগর বাড়ির কামাল উদ্দিনের ছেলে। পারভেজ ফেনী শহরের গার্ডেন সিটির ১৬ তলায় একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে পারভেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লিহন প্রাইম’ নামের একটি আইডি থেকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে ধারাবাহিক পোস্ট করেন। এ নিয়ে কয়েক দিন ধরে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তেজিত জনতা তার বাসার নিচে অবস্থান নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজ ও তার স্ত্রীকে আটক করে। তাদের বাইরে এনে পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতা পারভেজকে মারধর করেন। এ সময় গাড়িতে থাকা পারভেজকে লক্ষ্য করে লাঠিপেটা, ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়।

ইটপাটকেলের আঘাতে পুলিশের গাড়ির সামনের অংশ ভেঙে যায়। এতে ফেনী মডেল থানার কনস্টেবল বানু দাশ ও পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ উপস্থিত জনতার মধ্যে অন্তত চারজন আহত হন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবক ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, থানায় নেওয়ার পথে উত্তেজিত জনতা হামলা চালালে পুলিশের গাড়ির কিছুটা ক্ষতি হয়। তবে পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram