অনলাইন ডেস্ক: বিচারক সংকটে স্থবির হয়ে পড়েছে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম। প্রয়োজনীয় সংখ্যক বিচারক না থাকায় মাত্র চারজন বিচারক দিয়ে বর্তমানে ২১টি ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সচল রাখা হয়েছে।
অন্যদিকে, জেলা ও দায়রা জজ আদালতের ছয়টি গুরুত্বপূর্ণ আদালতে দীর্ঘদিন ধরে বিচারকের পদ শূন্য রয়েছে। বিচারক স্বল্পতার কারণে জেলার সাতটি উপজেলা থেকে আসা প্রতিদিন প্রায় পাঁচ হাজার বিচারপ্রত্যাশী শুনানি ছাড়াই দিনভর অপেক্ষা করে হতাশ হয়ে বাড়ি ফিরছেন।
চার বিচারক সামলাচ্ছেন ২১ আদালত
আদালত সূত্রে জানা গেছে, জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জন বিচারক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন চারজন। তাঁদের মধ্যে রয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং দুজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। সিনিয়র জুডিসিয়াল ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য।
ফলে এই চারজন বিচারককে ১০টি বিচারিক আদালত, জেলার সাতটি উপজেলার সাতটি আমলি আদালত এবং দ্রুত বিচার, বিশুদ্ধ খাদ্য, বন ও বিদ্যুৎ আদালতসহ মোট ২১টি আদালতের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বিচারিক কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না এবং মামলাজট বাড়ছে।
জেলা ও দায়রা জজ আদালতেও একই পরিস্থিতি। ২৪টি বিচারকের পদের বিপরীতে সরিষাবাড়ী সিনিয়র সিভিল জজ, বকশীগঞ্জ ও ইসলামপুর সিভিল জজ, দ্বিতীয় সিভিল জজ এবং পারিবারিক আদালত-১ ও ২-এর ছয়টি গুরুত্বপূর্ণ আদালতে কোনো বিচারক নেই। পর্যায়ক্রমে আদালত পরিচালনা করা হলেও নির্ধারিত সময়ে জামিন শুনানি, চার্জ গঠন ও সাক্ষ্যগ্রহণ শেষ করা সম্ভব হচ্ছে না।
দ্রুত বিচারক পদায়নের দাবি
বিচারপ্রত্যাশীদের দাবি, দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করা প্রয়োজন। শনেখা বেগম নামের এক নারী জানান, যৌতুকের অভিযোগে মেয়ের পক্ষ থেকে করা মামলায় তিনি দুই বছর ধরে আদালতে ঘুরছেন। তাঁর ভাষ্য, তারিখে আদালতে এসে পরে বিচারক না বসায় ফিরে যেতে হয়।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামান গামা বলেন, বিচারক স্বল্পতার কারণে অসংখ্য বিচারাধীন মামলার অগ্রগতি থমকে আছে। সংকট নিরসনে দ্রুত বিচারক পদায়নের জন্য জেলা ও দায়রা জজের পক্ষ থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু বলেন, প্রায় ১০ মাস ধরে সংকটটি চলছে। এতে বিচারপ্রার্থীদের অর্থ ও কর্মঘণ্টা অপচয় হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

