অনলাইন ডেস্ক: দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের দীর্ঘমেয়াদী বিকাশ ধরে রাখতে ব্যবসা সহজীকরণ, উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদন, নতুন বাজারে প্রবেশ এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আগামী ১৫ ডিসেম্বর প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে। পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে কাজ চলছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।
রপ্তানি প্রবৃদ্ধি
বাণিজ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। এ সময় মোট রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলারের কিছু বেশি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯৮৮ মিলিয়ন ডলার বেশি। এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে গত বছরের তুলনায় অন্তত ৩ বিলিয়ন ডলার বেশি রপ্তানি আয় সম্ভব হবে বলে তিনি আশাবাদ জানান।
মন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের ধারাবাহিকতা এবং ইরানের যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান বাজারে ভোক্তাদের ব্যয় কমেছে। তবে অপ্রচলিত বাজারে ভালো করায় রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রয়েছে। গত চার মাসে পাট খাতে প্রায় ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চামড়া ও তৈরি পোশাকের বিভিন্ন সেগমেন্টেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে বলে জানান তিনি।
উচ্চমূল্যের পণ্যে জোর
পোশাকশিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চীন ও তুরস্কের মতো দেশে উৎপাদন ব্যয় ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বাংলাদেশের সামনে এ শিল্পের বিস্তারের সুযোগ তৈরি হয়েছে। মালিক, শ্রমিক ও শিল্প খাতকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা গেলে আগামী দুই থেকে তিন দশক এ শিল্পের বিকাশের সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তবে উৎপাদন ব্যয় বৃদ্ধিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী জানান, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে গ্যাসের দাম প্রায় ৩০০ গুণ বেড়েছে। শ্রমিকের মজুরি ও অন্যান্য উপকরণের খরচ বাড়লেও তৈরি পণ্যের দাম সেই অনুপাতে বাড়েনি। এ পরিস্থিতিতে তুলাভিত্তিক পণ্যের পাশাপাশি ম্যানমেড ফাইবার ও অন্যান্য উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদনের ওপর জোর দেন তিনি।
বাণিজ্য চুক্তি ও ব্যবসা সহজীকরণ
ইইউর সঙ্গে ভারতের এফটিএ কার্যকর হওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা কমতে পারে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এ পরিস্থিতি মোকাবিলায় জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে কাজ চলছে। এ ছাড়া আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যোগ দেওয়ার বিষয়েও নীতিগত অনুমোদন পাওয়া গেছে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, আগে ব্যবসা শুরু করতে বিভিন্ন অনুমতি ও ছাড়পত্র পেতে গড়ে ৩৫৫ দিন সময় লাগত। সরকার এ সময় কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার কর্মপন্থা নির্ধারণ করেছে এবং পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মজুরি ও জ্বালানি সরবরাহ
স্থায়ী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন মন্ত্রী। তবে ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের সঙ্গে সক্ষমতা, রপ্তানি মূল্য এবং উৎপাদন ও ইউটিলিটি খরচ বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের আহ্বান জানান তিনি।
শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহকে প্রাথমিক শর্ত উল্লেখ করে তিনি জানান, দেশে প্রতিদিন ২ হাজার ৬০০ এমএমসিএফডি গ্যাস পাওয়া যায়। বিদ্যমান গ্যাসের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিল্প খাতকে সুবিধা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিল্পগ্রাহকদের সমন্বয়ে পরিকল্পনা তৈরির কাজ চলছে।

