অনলাইন ডেস্ক: বগুড়ার সান্তাহারে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শিল্পা বানু (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পাশে পৌর শহরের সাহেবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ছাত্রী মোবাইল ফোনে কথা বলছিলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
নিহত শিল্পা বানু সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের ইসলাম হোসেনের মেয়ে। তিনি সান্তাহার সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও কলেজ থেকে বাড়ি ফিরছিলেন শিল্পা। তিনি রেললাইন ধরে হাঁটার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় পৌঁছালে তিনি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।
নিহতের চাচাতো ভাই মানিক হোসেনের ভাষ্য, সকালে তার স্ত্রীর সঙ্গে শিল্পা সান্তাহারে আসেন। পরে কলেজে যান তিনি। কলেজ থেকে ফেরার পথে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

