অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে এবং অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায়, একজন সংসদ সদস্যের বাড়িতে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটে হামলা করেছে। সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার নির্দোষ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সময় লাগলেও কোনো নিরীহ মানুষ যেন গুলিতে মারা না যান, তা নিশ্চিত করতে চায় সরকার।
টুঙ্গিপাড়া থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০০ সদস্য অবস্থান করছেন বলে জানান তিনি। তাঁদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার ও একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি ও পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন।
থানা আক্রমণে মসজিদের মাইক ব্যবহার করে লোকজনকে আহ্বান জানানোর অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলাকারীদের ভিডিও, অডিও ও ফুটেজ সরকারের কাছে রয়েছে। থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা বা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এ সময় আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী আইনানুগভাবে তাঁদের ফেরত আসা উচিত। আইসিটি কোর্টের রায় অনুযায়ী আপিলের সুযোগ থাকলে বিষয়টি আইন-আদালত দেখবে বলেও জানান তিনি।

