Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ম্যানগ্রোভ ও ব্লু কার্বন প্রকল্পে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ

ম্যানগ্রোভ ও ব্লু কার্বন প্রকল্পে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক: ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, ব্লু কার্বন পর্যবেক্ষণ এবং জলবায়ু অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প প্রস্তুতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এ লক্ষ্যে ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটের সদস্যদেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, বন পুনরুদ্ধার ও কার্বন পর্যবেক্ষণে অভিন্ন পদ্ধতি তৈরি এবং যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছে দেশটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটের চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। সংযুক্ত আরব আমিরাতের আহ্বানে আয়োজিত বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশের প্রতিনিধি বলেন, সদস্যদেশগুলোর অভিজ্ঞতাকে এমন যৌথ প্রকল্পে রূপ দিতে হবে, যা উপকূল রক্ষা করবে এবং ম্যানগ্রোভনির্ভর মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটাবে। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন সুন্দরবনের গুরুত্ব তুলে ধরেন।

সাইমুম পারভেজের ভাষ্য অনুযায়ী, সুন্দরবন জলোচ্ছ্বাসের প্রভাব কমায়, মাছের প্রজনন ও বেড়ে ওঠার আবাসস্থল হিসেবে কাজ করে এবং গাছ ও মাটিতে কার্বন সঞ্চয় করে। উপকূলীয় পরিবারের ঘরবাড়ির নিরাপত্তা ও আয়ের নিশ্চয়তার সঙ্গে সুন্দরবনের সুস্থতা নিবিড়ভাবে সম্পর্কিত।

বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির কথাও তুলে ধরা হয়। পাশাপাশি উপকূলের বিদ্যমান ম্যানগ্রোভ বন সংরক্ষণ, প্রাকৃতিক পুনর্জন্মে সহায়তা এবং উপযুক্ত স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। খাল পুনর্বাসন ও উপকূলীয় সুরক্ষা উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়নের মাধ্যমে পানি নিষ্কাশন, বসতি সুরক্ষা ও মানুষের জীবিকা শক্তিশালী করার কথাও বলা হয়।

সহযোগিতার তিন প্রস্তাব

ম্যানগ্রোভ অ্যালায়েন্সের সহযোগিতার জন্য তিনটি ক্ষেত্র প্রস্তাব করেছে বাংলাদেশ। এগুলো হলো—ম্যানগ্রোভ পুনরুদ্ধারে নিয়োজিত দল ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়; বন পুনরুদ্ধার, উপকূল সুরক্ষা ও ব্লু কার্বন পর্যবেক্ষণে সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি তৈরি; এবং দুই বা ততোধিক সদস্যদেশের অংশগ্রহণে অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প প্রস্তুত করা।

জলবায়ু অর্থায়নের বিষয়ে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করার উদ্যোগ তুলে ধরা হয়। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) আরাইজ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন চাওয়ার লক্ষ্যে বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুতের জন্য বাংলাদেশের নির্বাচিত হওয়ার বিষয়টিও জানানো হয়। এতে উপকূল সুরক্ষা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীল জীবিকাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশের প্রণয়নাধীন জাতীয় কার্বন বাজার কাঠামো ও পরিকল্পিত জাতীয় রেজিস্ট্রির বিষয়ও তুলে ধরা হয়। ম্যানগ্রোভ পুনরুদ্ধারের মাধ্যমে অতিরিক্ত, দীর্ঘস্থায়ী ও স্বাধীনভাবে যাচাইযোগ্য কার্বন সুফল নিশ্চিত করা গেলে কার্বন ক্রেডিট দীর্ঘমেয়াদি বন পরিচর্যায় অর্থায়নের সুযোগ তৈরি করতে পারে বলে জানানো হয়। তবে দ্বৈত গণনা প্রতিরোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে সুফলের ন্যায্য বণ্টনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আগ্রহী সদস্যদেশগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের যৌথ প্রকল্প প্রস্তুত ও বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার যৌথ নেতৃত্বে পরিচালিত ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেট ম্যানগ্রোভ সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত ইন্দোনেশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, জোটটির সদস্যদেশের সংখ্যা ৪৭টি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram