অনলাইন ডেস্ক: মানিকগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ের পাশে অবিস্ফোরিত পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শহরের শহীদ রফিক সড়কের কার্যালয়ের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কেরোসিনভর্তি একটি কাচের বোতলে সলতা লাগিয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থলে নিক্ষেপ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে বোতলটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, হিরো ব্র্যান্ডের সাদা রঙের একটি হাঙ্ক মোটরসাইকেলে করে মুখোশ পরা দুই ব্যক্তি এসে বস্তুটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান।
ওসি মো. মনির হোসেন জানান, নাশকতার উদ্দেশে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ের পাশে কেরোসিনভর্তি কাচের বোতলে আগুন দিয়ে নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পেট্রোল বোমা সদৃশ বস্তুটি জব্দ করে।
তিনি জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

