অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজার বিস্ফোরক দাবির পর ২০১৮ সালের স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি আবারও আলোচনায় এসেছে। খাজার মতে, বল টেম্পারিংয়ের পরিকল্পনার কথা পুরো অস্ট্রেলিয়া দলই জানত। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলার মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) ঘটনাটি নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন দেশটির কিংবদন্তি ম্যাথু হেইডেন।
খাজা সম্প্রতি তাঁর আত্মজীবনী ‘সবর’-এ দাবি করেন, অস্ট্রেলিয়া দলের সবাই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন। তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকে ‘ত্রুটিপূর্ণ’ বলেও সমালোচনা করেছেন। ওই টেস্টে দ্বাদশ খেলোয়াড় হিসেবে স্কোয়াডে থাকা চ্যাড সেয়ার্সও খাজার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। তবে প্যাট কামিন্স এবং তৎকালীন দুই কোচ খাজার দাবি পুরোপুরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।
স্টার স্পোর্টসের ‘স্যান্ডপেপারগেট, দ্য আনসেটলড ডিবেট’ অনুষ্ঠানে হেইডেন বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া বা স্বাধীন কোনো মূল্যায়নপ্রক্রিয়ার মাধ্যমে আরও তদন্তের প্রয়োজন আছে কি না, তা নির্ধারণ করা উচিত। তাঁর মতে, এরপর সংশ্লিষ্ট সবার জন্য স্পষ্ট পরিধি ও ন্যায্য প্রক্রিয়া ঠিক করে এগোতে হবে।
উসমান খাজা ও চ্যাড সেয়ার্স কেপটাউন টেস্টের আগের ম্যাচেও বল টেম্পারিং হয়েছিল বলে দাবি করেছেন। এ প্রসঙ্গে হেইডেনের মত, কেপটাউনের ঘটনা এবং পোর্ট এলিজাবেথে কী ঘটেছিল—দুটিই বুঝতে পুরো প্রক্রিয়ার দায়ভার কাউকে নিতে হবে। সততা ও বিশ্বাস নিয়ে প্রশ্ন থাকলে সমঝোতা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
হেইডেন আরও বলেন, সংশ্লিষ্ট সিরিজের খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ থাকা উচিত। তাঁর মতে, ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা নিজেদের বক্তব্য জানানোর পর আরও তিনজন তাঁদের সমর্থনে কথা বলেছেন। বিষয়টি অমীমাংসিত থাকলে অবিশ্বাসের সংকটও থেকে যাবে।

