অনলাইন ডেস্ক: গণঅভ্যুত্থানের দেড় বছর এবং জাতীয় নির্বাচনের আট মাস পেরিয়ে গেলেও দেশ স্থিতিশীল না হওয়াকে সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গোপালগঞ্জে পতিত ফ্যাসিবাদের সহিংসতার তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তার মতে, এর মধ্য দিয়ে এমন বার্তা গেছে যে পতিত স্বৈরতন্ত্র এখনো রাজনীতিতে প্রাসঙ্গিক এবং তারা দেশকে অস্থিতিশীল করতে পারে। এতে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান বাধাগ্রস্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার শত শত পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি করছে বলে জানা যাচ্ছে। ক্ষমতায় আসার পরপরই এ ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল বলে মন্তব্য করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এখন নজরদারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আরও বলেন, বাইরে থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে। তার দাবি, এরই প্রতিফলন এখন বুমেরাং হয়ে দেখা দিয়েছে। তিনি পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের কাজ ত্বরান্বিত এবং পলাতক অপরাধীদের আটক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আতিকুর রহমান মুজাহিদ ও কে এম শরীয়াতুল্লাহসহ অন্যরা।

