অনলাইন ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই মহাসড়ক সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। মিছিলের সময় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে রাখা হয় এবং হামিরদীতে থাকা স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে।
পরে সেখানে থাকা ব্যক্তিরা রাজু মোল্লাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রের দাবি। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে রাত ৮টার দিকে ওই এলাকায় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাজুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গুলি অথবা ককটেলের কারণে রাজুর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে কোনোটিই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি জানান, রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল; পরে তা স্বাভাবিক হয়। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

