অনলাইন ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুনা বেগম (৪০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪০ জন।
মৃত রুনা বেগম চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গৃহিণী ছিলেন। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে রুনা বেগমকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৩০ জনসহ বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদেরসহ ডেঙ্গুতে আক্রান্ত ১৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

