অনলাইন ডেস্ক: গত আন্তর্জাতিক বিরতিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর জাতীয় দলের ক্যাম্প ছাড়া নিয়ে কম শোরগোল পড়েনি। এমন হঠকারী সিদ্ধান্তের কারণে তিনি শাস্তিও পেয়েছেন। তবে চলতি মাসের আন্তর্জাতিক বিরতির আগেই তার নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। মনোমালিন্যের কারণে শেষ পর্যন্ত তিনি জর্জ জেসুসের ডাক পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তার মাঝে পর্তুগাল বড় একটি ধাক্কা খেল।
দ্রাগাও স্টেডিয়ামে নেশনস লিগে নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ের ম্যাচে লাল কার্ড দেখা জুভেন্টাস উইঙ্গার ফ্রান্সিস্কো কনসেইসাও তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
পর্তুগিজ সংবাদপত্র আ বোলার তথ্য অনুযায়ী, রেফারির সঙ্গে আপত্তিকর ভাষা ব্যবহারের কারণে উয়েফার নিয়ন্ত্রণ, নীতি ও শৃঙ্খলা সংস্থা তাকে এই শাস্তি দিয়েছে।
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে ৮৬তম মিনিটে অল্প সময়ের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কনসেইসাও। এরপর ড্রেসিংরুমে যাওয়ার পথে চতুর্থ রেফারির সঙ্গে তার তর্ক হয়। পরিস্থিতি সামাল দিতে জাতীয় দলের টেকনিক্যাল স্টাফরা হস্তক্ষেপ করেন।
দুটি গ্রুপ ম্যাচে থাকছেন না
নিষেধাজ্ঞার কারণে ১৪ নভেম্বর ডেনমার্ক এবং ১৭ নভেম্বর ওয়েলসের বিপক্ষে পর্তুগালের শেষ দুটি গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না কনসেইসাও। আগামী মার্চে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও তিনি নিষিদ্ধ থাকবেন।
শাস্তি কমানো বা বাতিলের আশায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন আপিল করতে পারে।

