অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সকাল ১০টা ৩৬ মিনিটে রায় পড়া শুরু হয় এবং টানা দুই ঘণ্টা তা ঘোষণা করা হয়।
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রায় ঘোষণার সময় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।
সোহেলের মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেন রামিসার বাবা। তবে স্বপ্না খাতুনের খালাসের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে আপিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।
মামলার পটভূমি
গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর জানালার গ্রিল কেটে সোহেল পালিয়ে যান। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
রামিসার বাবা পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২৫ মে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় এবং ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ৭ জুনের রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ ছিল। ওই রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের শুনানি শেষে হাইকোর্ট আজ রায় দিলেন।

