অনলাইন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্র ‘মাস্টার’ নিয়ে নতুন সুখবর দিয়েছেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। যুক্তরাজ্য ও ইউরোপের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তাঁর নির্মিত সিনেমাটি। উৎসবগুলোর মধ্যে রয়েছে লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বেলফাস্ট চলচ্চিত্র উৎসব ও নরওয়ের ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’.
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন নির্মাতা। তিনি জানান, ৩০ ও ৩১ অক্টোবর যুক্তরাজ্যের লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘মাস্টার’। এরপর ১ নভেম্বর বেলফাস্ট চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সিনেমাটি। সর্বশেষ ৯ থেকে ১১ নভেম্বর নরওয়ের অসলোতে অনুষ্ঠিত ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’ উৎসবে ছবিটি প্রদর্শিত হবে।
লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান আকর্ষণীয় বিভাগ ‘কনস্টেলেশন’-এ জায়গা পেয়েছে ‘মাস্টার’। সুমিত জানান, ‘দ্য সল্ট ইন আওয়ার ওয়াটার্স’-এর পর দ্বিতীয়বারের মতো এই উৎসবে অংশ নিচ্ছেন তিনি।
সিনেমাটি নিয়ে সংশ্লিষ্ট উৎসবগুলোর পক্ষ থেকেও প্রশংসা করা হয়েছে। লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘মাস্টার’কে বাংলাদেশের একটি চতুর ও টানটান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক নাট্যধর্মী সিনেমা হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, ক্ষমতার সূক্ষ্ম প্রভাব কীভাবে মানুষ ও সমাজকে দুর্নীতিগ্রস্ত করে তোলে, ছবিটিতে তা অসাধারণভাবে তুলে ধরা হয়েছে।
বেলফাস্ট চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে সিনেমাটির নির্মাণশৈলীর প্রশংসা করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষের মতে, রং, বাস্তব প্রশাসনিক স্থাপনা ও স্থানীয় বাসিন্দাদের দক্ষ ব্যবহারের মাধ্যমে ছবিতে একটি প্রাণবন্ত ও জটিল জগৎ নির্মাণ করা হয়েছে।
সুমিত তাঁর পোস্টে উল্লেখ করেন, ‘মাস্টার’ সমকালীন বিশ্বকে প্রভাবিত করা ক্ষমতার নীরব ও পরিবর্তনশীল কাঠামো নিয়ে নির্মিত চলচ্চিত্র। লিডস, বেলফাস্ট ও অসলোতে বসবাসরত দর্শকদের পাশাপাশি সেখানে থাকা বন্ধু ও স্বজনদেরও ছবিটির প্রদর্শনীতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

