Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনে মানিকগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনে মানিকগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের ঘিওর ও সিংগাইরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, পুরাতন তেল ব্যবহার এবং বাসি খাবার পরিবেশনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে তিনটি মিষ্টির দোকানকে ২৩ হাজার টাকা এবং দুটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ঘিওর উপজেলার ঘিওর বাজারে এবং বিকেল ৪টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

ঘিওরে তিন মিষ্টির দোকানে জরিমানা

ঘিওর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে জিতেন নামের এক দোকানিকে ৫ হাজার টাকা, মো. শহীদুল ইসলামকে ৮ হাজার টাকা এবং অপর এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এ জরিমানা করা হয়েছে।

সিংগাইরে দুই হোটেলকে জরিমানা

সিংগাইর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবীর। পুরাতন তেল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় মায়ের দোয়া হোটেলকে ৫ হাজার টাকা এবং হাজী নূর হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তানভীর ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মো. আল আমিন কবীর বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পুরাতন তেল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে দুই হোটেলকে জরিমানা করা হয়েছে। এ সময় হোটেল মালিকদের সতর্ক করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram