অনলাইন ডেস্ক: নতুন বল নেওয়ার সুযোগ থাকলেও তা নেয়নি বাংলাদেশ। বরং পুরোনো বলে নাঈম হাসান ও মেহেদি হাসান মিরাজের স্পিনে আস্থা রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাঈম ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৫ রানে গুটিয়ে দেন। এতে বাংলাদেশ ২৭ রানের লিড পেয়েছে।
টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে বলের হিসাবে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন নাঈম। ৫০ উইকেট পূর্ণ করতে তার লেগেছে ২৮৫৬ বল। এরপর আরও দুই উইকেট নেন ২৬ বছর বয়সী এই অফস্পিনার। শেষ ১১ রানেই ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ; এর মধ্যে তিনটি নাঈম এবং একটি মিরাজ নেন।
প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২১৩ রান। অধিনায়ক রোস্টন চেজ ৬০ বলে ৫টি চারে ৪৩ রানে অপরাজিত থাকেন। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়ায় ক্যারিবীয়দের ইনিংস আর বড় হয়নি।
এর আগে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ২৭২ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল ৭৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন। তাকে ফেরান মিরাজ। দিনশেষে ৪৩ রানে অপরাজিত থাকা তেজনারায়ণ চন্দরপলও হাফসেঞ্চুরি করেন।
চন্দরপল ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করার পর শরিফুল ইসলামের বলে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন। এর আগে জাস্টিন গ্রিভসের সঙ্গে তিনি ৬৫ রানের জুটি গড়েছিলেন। গ্রিভস ১০৩ বলে ২ চারে ৪৬ রান করে নাঈমের বলে এলবিডব্লিউ হন।
মধ্যাহ্নভোজের পর বাংলাদেশের হয়ে বেশিরভাগ ওভার করেন দুই অফস্পিনার নাঈম ও মিরাজ। অভিষিক্ত অলরাউন্ডার জশুয়া বিশপ ১৫ রানে মিরাজের বলে স্টাম্পড হন। শামার জোসেফ ৪ রানে লিটনের হাতে ক্যাচ দেন, জোমেল ওয়ারিকান এলবিডব্লিউ হয়ে শূন্য রানে ফেরেন এবং জেইডেন সিলসকে মিরাজের ক্যাচ বানান নাঈম।
নাঈমের ৪ উইকেটের বাইরে মিরাজ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন। হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম নেন ১টি করে উইকেট।

