অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (চাকরিচ্যুত) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে যুক্ত হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইতিমধ্যে ঘটনাস্থলের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নৌ পুলিশের পাশাপাশি পিবিআই ছায়াতদন্ত শুরু করেছে। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজারবস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এটি তাহসিফের কি না, তা যাচাই করছেন তদন্তসংশ্লিষ্টরা।
পিবিআই সূত্রের ভাষ্য, বৃহস্পতিবার রাতে দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। ঘটনার আগে তাহসিফ ও দ্বীপ একসঙ্গে ছিলেন। তারা কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের শেষ গতিবিধি কী ছিল—দ্বীপের দেওয়া তথ্যগুলো যাচাই করা হচ্ছে। তবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা পিবিআই স্পষ্ট করেনি।
নৌ পুলিশ মূল তদন্ত পরিচালনা করছে। পিবিআই ও পুলিশের অন্যান্য ইউনিট কারিগরি সহায়তা এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলের মালিকানা নিশ্চিত হলে তাহসিফের নিখোঁজ হওয়া ও নদীর ঘাটে পৌঁছানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন তাহসিফ। এর আগে দ্বীপ তার বাসায় যান। পরে দুজনকে আলাদা মোটরসাইকেলে বের হতে দেখা যায়। পরিবারের দাবি, দ্বীপের ডাকে তাহসিফ বাসা থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।
পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। হাতের ঘড়ি ও পকেটে থাকা আইফোনের মাধ্যমে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তাহসিফের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও নাক দিয়ে রক্ত বের হওয়া ও পেট ফোলা থাকার কথা উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তাহসিফের মৃত্যু হত্যা, দুর্ঘটনা নাকি আত্মহত্যা—এ বিষয়ে তদন্তকারীরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

