অনলাইন ডেস্ক: প্রতি বুধবার পাট বেচাকেনায় সরগরম হয়ে ওঠে মানিকগঞ্জের ঘিওর হাট। এদিন দূরদূরান্ত থেকে কৃষক ও ব্যবসায়ীরা পাট নিয়ে আসেন। দরদাম শেষে হাজার হাজার মণ পাট হাতবদল হয়, লেনদেন হয় কোটি টাকার। তবে বাজারে পাটের ভালো দাম থাকলেও আগের মতো সরবরাহ নেই। নতুন হাটবাজার গড়ে ওঠা, পাটের আবাদ কমে যাওয়া এবং নদীভাঙনে জায়গা সংকুচিত হওয়ায় ৩০০ বছরের বেশি পুরোনো ঐতিহ্যবাহী হাটটি হারাতে বসেছে অতীতের জৌলুস।
ধলেশ্বরী ও ইছামতী নদীর কাছাকাছি গড়ে ওঠা ঘিওর হাট একসময় পাট বেচাকেনার বড় কেন্দ্র ছিল। মানিকগঞ্জের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকেও কৃষক ও ব্যবসায়ীরা এখানে পাট নিয়ে আসতেন। প্রতি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে কেনাবেচা। এখান থেকে পাট কিনে নারায়ণগঞ্জ, খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন এলাকার পাটকলে সরবরাহ করেন পাইকারি ব্যবসায়ীরা।
হাটসংশ্লিষ্টরা জানান, ব্রিটিশ আমল থেকেই প্রতি বুধবার ঘিওরে হাট বসছে। একসময় হাটের পাশে ছোটখাটো নদীবন্দর ছিল। ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, ঢাকা ও পাবনাসহ বিভিন্ন এলাকা থেকে বড় নৌকায় পাট নিয়ে আসতেন কৃষক ও ব্যবসায়ীরা। সময়ের সঙ্গে যোগাযোগব্যবস্থা ও বাজারের ধরন বদলেছে। বিভিন্ন এলাকায় নতুন হাটবাজার গড়ে ওঠায় ঘিওর হাটে পাটের সরবরাহ কমেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর মানিকগঞ্জে ৪ হাজার ৫৩০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ২৫০ হেক্টর বেশি। এ বছর জেলায় পাট উৎপাদন হয়েছে ১৩ হাজার ৭৫০ মেট্রিক টন।
কৃষকেরা জানান, পাটের ভালো দাম পেলেও উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। পাট পচানোর জন্য প্রয়োজনীয় পানির অভাব বড় বাধা। কম বৃষ্টিপাত ও বর্ষার পানি পর্যাপ্ত না থাকায় এবার পাট পচাতে ভোগান্তি হয়েছে। এতে অনেক পাটের রং সোনালি হয়নি। বাজারে সোনালি রঙের উন্নত মানের পাটের দাম তুলনামূলক বেশি। নদীভাঙনে হাটের জায়গাও দিন দিন কমে আসছে।
পাইকারি ব্যবসায়ী অসীম রায় বলেন, এ অঞ্চলে তোষা ও সাদা জাতের পাটের আবাদ বেশি। গত হাটে প্রায় ৮০ টন পাট কেনাবেচা হয়েছে। মানভেদে প্রতি মণ পাটের দাম ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৩০০ টাকা। গত বছর ভালো মানের পাটের সর্বোচ্চ দাম ছিল প্রতি মণ ৪ হাজার ৫০০ টাকা।
ব্যবসায়ী উত্তম আইচ বলেন, একসময় নৌকায় করে ৭০০ থেকে এক হাজার মণ পাট কেনা হতো। এখন পাটের আবাদ কমে যাওয়ায় আগের মতো পাট পাওয়া যায় না। এরপরও প্রতি বুধবার ঘিওর হাটে গড়ে ৫ থেকে ৬ হাজার মণ পাট ওঠে।
কৃষক লাল চান জানান, স্বাধীনতার আগে থেকেই তিনি ঘিওর হাটে ধান, পাট ও সরিষা বিক্রি করতে আসেন। বর্ষাকালে কয়েকজন কৃষক মিলে নৌকায় মালপত্র নিয়ে হাটে আসতেন। এতে যাতায়াত ও পণ্য পরিবহনের খরচ কমত।
কৃষক জামাল উদ্দিন বলেন, এবার ছয় বিঘা জমিতে পাট আবাদ করলেও মান ভালো হয়নি। তিনি ১০ মণ পাট নিয়ে হাটে এসে প্রতি মণ ৪ হাজার ৭০০ টাকা দরে বিক্রি করেছেন।
কৃষক নূর ইসলাম বলেন, আগে বিভিন্ন এলাকা থেকে বড় নৌকাভর্তি পাট নিয়ে ব্যবসায়ীরা ঘিওর হাটে আসতেন। হাটের পাশের কলেজ মাঠেও পাটের স্তূপ দেখা যেত। নতুন হাটবাজার গড়ে ওঠায় এখন সেই আমদানি কমেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ বলেন, অনুকূল পরিবেশ, উন্নত জাতের পাটবীজ ও সরকারি অনুদানের কারণে কৃষকেরা পাট চাষে আগ্রহী হচ্ছেন।
পাট ব্যবসায়ী ও ক্রেতাসংশ্লিষ্টদের মতে, সরবরাহ কমলেও কোটি টাকার বেচাকেনায় ঘিওর হাট এখনো গুরুত্ব ধরে রেখেছে। হাটের ঐতিহ্য টিকিয়ে রাখতে পাটের সরবরাহ বাড়ানো, উৎপাদন ও পাট পচানোর সমস্যা সমাধান এবং নদীভাঙন রোধে উদ্যোগ প্রয়োজন বলে তারা মনে করেন।

