অনলাইন ডেস্ক: পরিবেশগত ও সামাজিক প্রভাব, সুশাসন এবং টেকসই অর্থায়নের চিত্র তুলে ধরে ২০২৫ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সংস্করণসহ প্রকাশিত এ প্রতিবেদনের শিরোনাম ‘ট্রান্সফর্মিং ইনটেন্ট ইনটু প্ল্যানেটারি ইমপ্যাক্ট’। এটি ইউসিবির তৃতীয় সাসটেইনেবিলিটি রিপোর্ট।
সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশের মানদণ্ড আইএফআরএস এস ১ ও এস ২ অনুসরণ করে তৈরি প্রতিবেদনে ২০২৫ সালে ইউসিবির পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত কার্যক্রম, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়নের তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইউসিবি টেকসই অর্থায়ন খাতে ১৭,৯২৭ কোটি ৯ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেছে, যা ব্যাংকটির মোট ঋণ বিতরণের ৭২.২৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ২০ শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় এ হার বেশি।
একই সময়ে গ্রিন ফাইন্যান্স খাতে ৪৮৮ কোটি ৬৭ লক্ষ টাকা বিতরণ করেছে ব্যাংকটি। এটি মেয়াদি ঋণ বিতরণের ৩০.৪০ শতাংশ, যেখানে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৫ শতাংশ। বছর শেষে ইউসিবির গ্রিন ফাইন্যান্সের বকেয়া স্থিতি দাঁড়ায় ২,৭৪৪ কোটি ৩৭ লক্ষ ৩০ হাজার টাকা।
পরিবেশবান্ধব শিল্পায়নে ২৭টি LEED সনদপ্রাপ্ত গ্রিন শিল্পপ্রতিষ্ঠানে অর্থায়ন করেছে ইউসিবি। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টি প্ল্যাটিনাম ও ১৩টি গোল্ড সনদপ্রাপ্ত। দেশের তৈরি পোশাকশিল্পের রপ্তানি কার্যক্রমে ব্যাংকটি ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রপ্তানি সুবিধা দিয়েছে।
কার্বন নিঃসরণ ও জলবায়ু ঝুঁকি
আর্নস্ট অ্যান্ড ইয়ং অ্যাডভাইজরি সার্ভিসেসের সহযোগিতায় ইউসিবি নিজস্ব কার্যক্রম ও জ্বালানি ব্যবহারের কারণে সৃষ্ট স্কোপ ১ ও স্কোপ ২ কার্বন নিঃসরণ হিসাব করেছে। ঋণ ও অর্থায়নের মাধ্যমে সৃষ্ট স্কোপ ৩ নিঃসরণ পরিমাপে নেদারল্যান্ডসভিত্তিক জয়েন্ট ইমপ্যাক্ট মডেল (JIM) ফাউন্ডেশনের কাঠামো ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইউসিবির অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্ট কার্বন নিঃসরণ ছিল ১,৯১২,২১২.০৬ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য। প্রতি কোটি টাকা ঋণের বিপরীতে কার্বন নিঃসরণের ঘনত্ব ছিল ৩৭.৫২ টন TCO₂e।
অনুষ্ঠানে শরীফ জহির বলেন, জলবায়ু ঝুঁকির মুখোমুখি একটি দেশে পরিচালিত ব্যাংক হিসেবে ইউসিবি মূলধনকে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির অনুঘটক হিসেবে কাজে লাগানোর ওপর বিশ্বাস করে।
ব্যাংকটির ৩৪টি সৌরবিদ্যুৎচালিত শাখা ও চারটি সোলার এটিএম রয়েছে। ৬৪টি জেলায় ৬৩০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং উদ্যোক্তাদের সহায়তায় ৫০টি বিশেষায়িত সাসটেইনেবল ফাইন্যান্স হেল্প ডেস্কও পরিচালনা করছে ইউসিবি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউসিবির বিতরণ করা ঋণ দেশের বিভিন্ন খাতে দুই লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেছে; এর প্রায় ৩০ শতাংশে নারী কর্মী রয়েছেন। ২০২৫ সালে ব্যাংকটি জাতীয় কোষাগারে ১৮,০৩০.৫৫ মিলিয়ন টাকা জমা দিয়েছে।
ইউসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ব্যাংকটি টেকসই ব্যাংকিংকে শুধু করপোরেট বাধ্যবাধকতা নয়, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও প্রাতিষ্ঠানিক সুশাসনের ভিত্তি হিসেবে দেখে।
ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সংস্করণের মাধ্যমে ইউসিবি তার টেকসই কার্যক্রম ও অগ্রগতির তথ্য পাঠক, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীজনের কাছে সহজে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।

