Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ওই কেন্দ্রের আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজন ভুয়া ভোটার পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন; তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram