Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নতুন সিনেমায় শরিফুল রাজ

নতুন সিনেমায় শরিফুল রাজ

অনলাইন ডেস্ক: নির্মাতাদের ভরসার নাম হয়ে উঠেছেন শরিফুল রাজ। ‘আইসক্রিম’ দিয়ে শুরু হওয়া ক্যারিয়ারকে তিনি ক্রমশ উঁচুতে নিয়ে যাচ্ছেন। এ বছর তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে সাফল্য পেয়েছেন তিনি। হাতে রয়েছে একগুচ্ছ সিনেমা।

এরই মধ্যে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন রাজ। সিনেমাটি নির্মাণ করবেন সৈয়দ শাকিল। এর আগে তিনি ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন। এবারই প্রথম পূর্ণদৈর্ঘ সিনেমা নির্মাণে যাচ্ছেন তিনি। তবে সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে রাজের সঙ্গে চুক্তিস্বাক্ষর সম্পন্ন করেন নির্মাতা। চুক্তির ছবির মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে। সিনেমা ও অন্য অভিনয়শিল্পীদের নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সৈয়দ শাকিল জানান, সিনেমাটির গল্প এমনভাবে নির্মাণ করা হবে, যা পরিবার নিয়ে উপভোগ করা যাবে। তাঁর ভাষ্য, একসময় পরিবারের সবাই একসঙ্গে যে ধরনের সামাজিক সিনেমা দেখতেন, সেই ধারার আবেগনির্ভর একটি গল্প বড় পর্দায় তুলে ধরতে চান তিনি।

রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। নির্মাতা জানিয়েছেন, এ বছরের ডিসেম্বর অথবা নতুন বছরের জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পেতে পারে।

এদিকে কোরবানির ঈদে শরিফুল রাজ অভিনীত আরও একটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ নির্মাণে সিনেমাটির নাম ‘কালাভুনা প্যারাডক্স’। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে রাজের সঙ্গে অভিনয় করছেন সাবিলা নূর।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram