অনলাইন ডেস্ক: পৃথিবীতে আগমনের দিনটি বিশেষভাবে উদযাপন করতে অনেকেই জন্মদিন পালন করেন। ইসলামের দৃষ্টিতে জন্মদিন পালন নিন্দনীয় এবং আলেমদের মতে এটি বিজাতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত। রাসূল সা. বিজাতীয় অনুকরণে নিরুৎসাহিত করেছেন। এক হাদিসে তিনি বলেছেন, ‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে।’ (আবু দাউদ, হাদিস : ৪০৩)
জন্মদিনকে কেন্দ্র করে কখনো কখনো অপচয় ও অপব্যয় করা হয়। ইসলামে অপচয় ও অপব্যয় নিষিদ্ধ। এ বিষয়ে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তোমরা আহার করো ও পান করো। কিন্তু অপচয় করো না…।’ (সূরা আরাফ, আয়াত : ৩১)
কেউ কেউ কেক কাটা বা এ ধরনের আয়োজন না করে নিজের কিংবা সন্তানের জন্মদিন উপলক্ষে দান-সদকা করেন। এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়, দান-সদকা করা এবং দরিদ্র ও এতিমদের আহার করানো প্রশংসনীয় আমল। সন্তানের জন্ম ও সুস্থভাবে বেঁচে থাকা পিতামাতার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত।
এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের জন্য কোনো ব্যক্তি গরিব, মিসকিন বা এতিমদের খাবার দান করলে কিংবা সাধারণ নফল সদকা করলে তা সওয়াবের কাজ। তবে জন্মদিনের নির্দিষ্ট দিনেই দান করাকে শরীয়তের বিশেষ পালনীয় ইবাদত মনে করা যাবে না। বরং আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসেবে ওই দিন ছাড়া অন্য কোনো দিন দান করা উত্তম।

