অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট শুরুর আগেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। এর মধ্যে সনাতন ধর্মাবলম্বী নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পছন্দের প্রার্থীকে ভোট দিতে তারা নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বুড়িহাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এমন চিত্র দেখা যায়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও তার আগেই নারীরা সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন।
ভোটার শান্তি বালা জানান, সকালে ঘরের কাজ ও রান্নাবান্না শেষ করে তিনি ভোট দিতে কেন্দ্রে আসেন। এসে আরও অনেককে লাইনে অপেক্ষা করতে দেখেন বলে জানান তিনি। ভোটগ্রহণ শুরু হলে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেন শান্তি বালা।
আরেক ভোটার প্রতিমা রানী বলেন, সকালে ভিড় কম থাকে বলে তিনি আগেভাগেই কেন্দ্রে এসেছেন।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম বলেন, বুড়িহাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬৮৭ জন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।
ভোটকেন্দ্র ও ভোটার
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন।
প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্রার্থী
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। পরে দলীয় সিদ্ধান্তে বিএনপির মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেনকে ঘিরে মূল প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

