Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল আমীন

ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল আমীন

অনলাইন ডেস্ক: ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফয়সল আমীন বলেন, ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের এজেন্ট হয়ে গেছে। জামায়াতের এজেন্টরা ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে ঢুকে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে ভোট দেওয়ার পর বিএনপির এই প্রার্থী বলেন, ভোট শুরু হয়েছে এবং তিনি ভোট দিয়েছেন। তাঁর প্রত্যাশা, বড় ধরনের জয় নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করবেন। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরিস্থিতি দেখার কথাও জানান তিনি।

ভোটের পরিবেশ উৎসবমুখর হবে উল্লেখ করে মির্জা ফয়সল বলেন, তিনি কোনো শঙ্কা দেখছেন না। সব ভোটার শান্তিপূর্ণভাবে ভোট দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রশাসন কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেন।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আবহাওয়া কিছুটা খারাপ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি মনে করছেন।

ভোটকেন্দ্র ও ভোটার

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন; তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram